রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেটরের অভাবে ১১ দিনে ৩৩ শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, '১১ দিনে ৩৩টা শিশু—৩৩টা বেবি মারা গেছে আমার! অথচ আমাদের জানানো হয়নি যে ভেন্টিলেটর নেই এটা অত্যন্ত দুঃখজনক। তাকে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত।'
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চিকিৎসার নৈতিকতা বিষয়ক এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে তিনি সরাসরি হাসপাতাল পরিচালকের সঙ্গে কথা বলেছিলেন। তখন পরিচালক বলেছিলেন, 'মিডিয়া একটু বাড়াবাড়ি করেছে।' কিন্তু পরবর্তীতে পাওয়া প্রতিবেদনে গণমাধ্যমে প্রকাশিত শিশুমৃত্যুর তথ্যই সঠিক বলে প্রমাণিত হয়।
সরকারি প্রক্রিয়ায় ভেন্টিলেটর কেনায় সময় লাগার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, 'জরুরি পরিস্থিতি মোকাবিলায় তিনি ব্যক্তিগত উদ্যোগে ভেন্টিলেটর সংগ্রহের চেষ্টা করছেন। কয়েকজন ওষুধ প্রস্তুতকারকের সহায়তায় তিনটি ভেন্টিলেটর সংগ্রহ করা হচ্ছে এবং আরও দুটি সংগ্রহের চেষ্টা চলছে।' এসব ভেন্টিলেটর সরকারি অর্থে নয়, বেসরকারি সহায়তায় আনা হচ্ছে বলে নিশ্চিত করেন তিনি।
অনুষ্ঠানে চিকিৎসকদের পেশাগত আচরণ ও নৈতিকতার বিষয়েও গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, রোগীরা চিকিৎসকদের ওপর গভীর আস্থা রাখেন, তাই তাদের আচরণ ও সেবায় আরও দায়িত্বশীল হতে হবে। অতিরিক্ত কাজের চাপ ও ক্লান্তির কারণে চিকিৎসায় ভুল হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
চিকিৎসকদের বিরুদ্ধে ওঠা অনৈতিক আচরণের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি নতুন চিকিৎসাপদ্ধতি সম্পর্কে হালনাগাদ জ্ঞান অর্জন ও নিয়মিত প্রশিক্ষণের ওপর জোর দেন মন্ত্রী। নিজের চিকিৎসা-সংক্রান্ত অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সঠিক পরামর্শ ও বিকল্প পদ্ধতি অনুসরণ করলে অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় অস্ত্রোপচার এড়ানো সম্ভব।
সামগ্রিকভাবে স্বাস্থ্যখাতে সেবার মান ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী।
