সমুদ্র সৈকতের উচ্ছেদকৃত বালিয়াড়ি পুনরায় দখল না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
কক্সবাজার সমুদ্র সৈকতের উচ্ছেদকৃত বালিয়াড়ি যাতে পুনরায় দখল না হয়, সে বিষয়ে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার ( ২২ মার্চ) তিনি সুগন্ধা পয়েন্টে যান এবং সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদকৃত স্থান পরিদর্শন করে তিনি এই নির্দেশ দেন।
এর আগে কক্সবাজার সফরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সৈকতের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের কঠোর নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনার ধারাবাহিকতায় জেলা প্রশাসনের অভিযানে দখলমুক্ত হওয়া সুগন্ধা ও কলাতলী পয়েন্ট আজ সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সেখানে উপস্থিত জেলা প্রশাসক সহ প্রশাসনের স্থানীয় কর্মকর্তা ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন, সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় বালিয়াড়ির ওপর কোনো ধরনের স্থাপনা রাখা হবে না।
