বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২২ ঘণ্টা পর স্বাভাবিক হলো উত্তরবঙ্গের রেল যোগাযোগ
প্রায় ২২ ঘণ্টা পর উত্তরের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হলো। আজ দুপুরে খুলনা অভিমুখে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনা কবলিত এলাকা পার হয়।
স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুর পৌনে ২টার দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী বগুড়ার আদমদীঘি উপজেলায় সান্তাহার রেলওয়ে স্টেশনের কাছে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়ে রেলপথ ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করে রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে বগিগুলো সরানো এবং ক্ষতিগ্রস্ত লাইন মেরামতে দীর্ঘ সময় লাগায় ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়।
ফলে চরম ভোগান্তি নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে ঈদে ঘরমুখো হাজারো যাত্রীকে। বিকল্প ব্যবস্থার অভাবে অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করছেন, কেউবা ভিড় ঠেলে অন্য যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল বিভাগের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম জানান, দুপুর ১২টায় লাইন মেরামত হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হলো।
প্রসঙ্গত, গতকাল বুধবার ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেসটি দুপুর ২টার দিকে সান্তাহার জংশন স্টেশনে বিরতি দেয়। বিরতি শেষে ট্রেনটি গন্তব্যস্থল চিলাহাটির উদ্দেশে রওনা হওয়ার কিছু সময় পরই বেলা ২টা ৪০ মিনিটের দিকে ছাতিয়ানগ্রাম স্টেশনের দক্ষিণে একটি ব্রিজের সামনে পৌঁছালে বিকট শব্দে বগিগুলো লাইনচ্যুত হতে শুরু করে। এই ঘটনায় ১১২ জন আহত হয়েছে। এর মধ্যে ২২ জন নওগাঁ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
