ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভূগর্ভস্থ পানি রিজার্ভ রাখতে হবে: দিনাজপুরে খাল খনন উদ্বোধনে প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এখনই ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মাটির নিচের পানির ওপর নির্ভরতা কমিয়ে আমাদের মাটির ওপরের পানির সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে।
সোমবার (১৫ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বর্তমান সময়ের পানির সংকট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 'এখন খালে পানি নাই, নদীতে পানি নাই। এজন্য ডিপ টিউবওয়েল দিয়ে মাটির নিচ থেকে পানি বের করে আনতে হয়। আজ থেকে ১০ বছর আগে যতটুকু গভীরে গেলে পানি পাওয়া যেত, এখন সেখানে পাওয়া যায় না। এখন আরও গভীরে যেতে হয়। ভূগর্ভস্থ পানি কমে যাচ্ছে। কিন্তু ওই পানি যদি কমে যায়, তাহলে সকলকে বিপদে পড়তে হবে।'
তিনি আরও বলেন, 'মাটির নিচের পানি রিজার্ভ রেখে দিতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমাদের মাটির ওপর যে পানি আছে, সেই পানিটা যতটুকু সম্ভব সদ্ব্যবহার করতে হবে। সুন্দরভাবে পরিকল্পনা করে, খাল খনন করে, নদী খনন করে মাটির ওপরের পানিটা ধরে রাখতে হবে।'
খাল খনন কর্মসূচির সুফল সম্পর্কে তারেক রহমান জানান, এই কাজ সম্পন্ন হলে এলাকার কৃষি ও মৎস্য খাতে ব্যাপক পরিবর্তন আসবে। তিনি বলেন, এই খাল থেকে প্রায় ৩১ হাজার কৃষক পানি পাবেন এবং প্রায় ১ হাজার ২০০ হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আসবে। এর ফলে এলাকায় বর্তমান উৎপাদনের চেয়ে প্রায় ৬০ হাজার মেট্রিক টন বেশি ফসল উৎপাদিত হবে।
পরিবেশগত উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, খালের উভয় পাড়ে ৭ হাজার বৃক্ষ রোপণ করা হবে। খনন কাজের মাধ্যমে স্থানীয় জনগণের কর্মসংস্থানের সৃষ্টি হবে, যা দারিদ্র্য বিমোচন ও খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে। এছাড়া প্রকল্প এলাকায় মৎস্য ও জলজ সম্পদ বৃদ্ধি পাবে। সব মিলিয়ে প্রায় সাড়ে ৩ লাখ মানুষ এই খালের বহুমুখী সুবিধা ভোগ করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
