আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ
২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির গতকাল এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশ দেন।
আইজিপির নির্দেশনায় জেলা পর্যায়ের কমিটিগুলোকে নিয়োগ প্রক্রিয়ায় সম্ভাব্য সকল বিধি লঙ্ঘনের বিষয়টি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৫ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে এই তদন্ত প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের (এসপি) নেতৃত্বে গঠিত এই কমিটিগুলো মূলত বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা যাচাই করবে। এর মধ্যে রয়েছে—প্রার্থীদের স্থায়ী ঠিকানার পরিবর্তে ভুয়া ঠিকানা ব্যবহার, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরে কারসাজি, প্রশ্নপত্র ফাঁস এবং নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের অপব্যবহার।
প্রতিটি তদন্ত কমিটিতে পুলিশ সুপারের পাশাপাশি সদস্য হিসেবে থাকবেন সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), জেলা গোয়েন্দা কর্মকর্তা এবং রিজার্ভ অফিস ইন্সপেক্টর।
