বাগেরহাটে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা
বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় শ্রমিক লীগের উপজেলা সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী সোহাগ শেখকে (৪২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পানের হাটের সামনের সড়কে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সোহাগ শেখ উপজেলার উদয়পুর গ্রামের দাউদ শেখের ছেলে। তিনি মোল্লাহাট বাজারে 'শেখ ট্রেডার্স' নামে একটি ঢেউটিন, স্যানিটারি ও হার্ডওয়্যারের ব্যবসা পরিচালনা করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে সোহাগ শেখ মোল্লাহাট উপজেলা সদরের চৌরঙ্গী মোড়ের দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে পানের হাটের সামনের সড়কে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে সামনে থেকে গুলি ছোড়ে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোববার দুপুরে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে সোহাগের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা তার শরীরে মোট ছয়টি গুলির চিহ্ন খুঁজে পেয়েছেন। এর আগে প্রাথমিক পর্যবেক্ষণে তার বুকে ও মাথায় পাঁচটি গুলির চিহ্ন থাকার কথা জানা গিয়েছিল।
হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। তবে বন্দুকধারীদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আবু রাসেল।
উল্লেখ্য, এর আগে গত ৭ মার্চ রাতে সোহাগ শেখের দোকানের বিক্রয় প্রতিনিধি নূর ইসলামকে (২৭) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ। ওই ঘটনার এক সপ্তাহ পার হলেও কোনো মামলা না হওয়া এবং এর মধ্যেই খোদ মালিক সোহাগ শেখকে গুলি করে হত্যার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
