শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলাম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে একজনকে ঘটনার দিনই গ্রেপ্তার করা হয়। বাকি তিনজনকে দুইটি ভিন্ন জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় তিনি জানান, 'কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন; গ্রেপ্তার চার'।
এ বিষয়ে দুপুরে একটি প্রেস ব্রিফিং আয়োজনের কথা থাকলেও পরে অনিবার্য কারণবশত তা বাতিল করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘটনার দিনই জনগণ একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। বাকি তিনজনের মধ্যে দুইজনকে খুলনা থেকে এবং একজনকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত রোববার (১৫ মার্চ) রাত ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন রাকিবুল ইসলাম। এ সময় উপস্থিত লোকজন হামলাকারীদের একজনকে চাপাতিসহ ধরে শাহবাগ থানায় সোপর্দ করে।
