পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারীকে গুলি করে হত্যা
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় বিজেপির জ্যেষ্ঠ নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার (৬ মে) রাতে এ ঘটনা ঘটে বলে তৃণমূল কংগ্রেস (টিএমসি) সূত্রের বরাতে জানিয়েছে পিটিআই।
শুভেন্দু অধিকারীর নির্বাহী সহকারী হিসেবে দায়িত্ব পালন করতেন নিহত চন্দ্রনাথ রথ। মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় একটি সড়কে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা চন্দ্রনাথের গাড়িকে অনুসরণ করে রাস্তা আটকায়। এরপর বিপরীত দিক থেকে গাড়ির বন্ধ জানালার ভেতর দিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। হামলার সময় চন্দ্রনাথ চালকের পাশের আসনে বসা ছিলেন।
বিজেপি নেতা কৌস্তভ বাগচী সাংবাদিকদের বলেন, "মোটরসাইকেলে থাকা হামলাকারীরা দোহারিয়ার কাছে চন্দ্রনাথের গাড়ির পিছু নেয়। পরে গাড়িটিকে থামিয়ে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।"
পুলিশ জানিয়েছে, হামলার সময় গাড়িতে থাকা আরও একজন আহত হয়েছেন। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীকে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বিজেপির সম্ভাব্য মুখ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক রাজ্য নির্বাচনে বিজেপির বড় জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকারের পতন ঘটে।
শুভেন্দু অধিকারীর নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন চন্দ্রনাথ রথ। নন্দীগ্রাম ও ভবানীপুরসহ বিভিন্ন আসনের নির্বাচনী কার্যক্রমে তিনি সক্রিয় ছিলেন।
