খুলনায় সাবেক শ্রমিক দল নেতাকে দোকানের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা
খুলনায় রূপসা উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মাসুম বিল্লাহকে (৫৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে নগরীর ডাকবাংলো মোড়ে বাটা দোকানের সামনে এ ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অশোক ঘোষ নামের এক ব্যক্তিকে পালানোর সময় অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, 'নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মাসুম বিল্লাহকে প্রথমে কুপিয়ে, পরে গুলি করে হত্যা করা হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।'
