বিদ্যুৎ সংকট মোকাবিলায় কাল থেকে বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরীক্ষা স্থগিত
চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) থেকে ১৬ মার্চ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত কলেজসমূহের সকল পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ১৭ মার্চ থেকে বন্ধ হওয়ার কথা থাকলেও চলমান বিদ্যুৎ সংকটের কারণে ১০ মার্চ থেকেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু জরুরি সেবা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে।"
একই দিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমদের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত কলেজসমূহের পরীক্ষা আদেশক্রমে স্থগিত করা হলো।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে শব-ই-কদর, পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী ১০ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
