কেন্দ্রীয় ব্যাংকের মব পরিস্থিতির কথা উল্লেখ করে গভর্নরের উপদেষ্টা অহসান উল্লাহর পদত্যাগ
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের ওপর সংঘটিত মবের ঘটনার প্রেক্ষাপটে পদত্যাগ করেছেন তার উপদেষ্টা মো. আহসান উল্লাহ।
আজ বুধবার (৪ মার্চ) গভর্নরের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি।
চিঠিতে তিনি উল্লেখ করেন, গত ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকে সংঘটিত মব-সংস্কৃতির একটি ঘটনার কারণে তিনি বিকেলে অফিসিয়াল পরিবহনে মিরপুর ডিওএইচএসের বাসায় ফিরে যেতে বাধ্য হন। ওই ঘটনার পর তিনি দায়িত্ব পালন করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না বলে তিনি জানান।
চিঠিতে বলা হয়, তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ২০২৬ সালের ৬ জানুয়ারি থেকে বাড়িয়ে ২০২৭ সালের ৫ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল। তবে চুক্তির ১৩ নম্বর ধারা অনুযায়ী তিনি ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে গণনা করে ৩০ দিনের নোটিশে তার পদত্যাগ কার্যকর করার আবেদন জানান।
তিনি গভর্নরের কাছে অনুরোধ করেন, তার এ নোটিশকে পদত্যাগপত্র হিসেবে গ্রহণ করার জন্য। একইসঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংক ব্যবস্থাপনার কাছ থেকে এক বছর এক মাস ১৮ দিনের দায়িত্বপালনকালে প্রাপ্ত সহযোগিতা ও সম্মানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
