যুদ্ধজাহাজের সংকটের খবর প্রকাশ করায় ট্রাম্পের চাপ, মার্কিন সামরিক পত্রিকার প্রকাশকের পদত্যাগ
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীভিত্তিক সংবাদপত্র স্টারস অ্যান্ড স্ট্রাইপস-এর দীর্ঘদিনের প্রকাশক ম্যাক্স ডি. লেডেরার জুনিয়র পদত্যাগ করেছেন। প্রতিরক্ষা বিভাগের নেতৃত্বের সঙ্গে মতপার্থক্যের কারণেই তিনি পদ ছাড়ছেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার কর্মীদের পাঠানো এক স্মারকে অবসরের কথা জানান লেডেরার। একই বিষয়ে তিনি স্টারস অ্যান্ড স্ট্রাইপস-কেও সাক্ষাৎকার দেন।
দ্য অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, সংবাদপত্রটির সম্পাদকীয় বিষয়ে আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে লেডেরারের বিরোধ তৈরি হয়েছিল।
স্মারকে লেডেরার লেখেন, 'এটা স্পষ্ট হয়ে গেছে যে, নেতৃত্ব নিয়ে আমার দর্শন এবং স্টারস অ্যান্ড স্ট্রাইপস-এর মূল্য ও দায়িত্ব সম্পর্কে আমার ধারণার সঙ্গে প্রতিরক্ষা বিভাগের নেতৃত্বের পরিকল্পনার মৌলিক পার্থক্য রয়েছে।'
এর আগে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ওই সংবাদপত্রের বিরুধে 'বিভ্রান্তি' ছড়ানোর অভিযোগ এনেছিলেন।
ইরানের সঙ্গে যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের খারাপ পরিস্থিতি ও নাবিকদের কমে যাওয়া মনোবল নিয়ে সংবাদ প্রকাশ করায় ট্রাম্প প্রশাসনও পত্রিকাটির সমালোচনা করেছে।
১৮৬১ সালে প্রতিষ্ঠিত স্টারস অ্যান্ড স্ট্রাইপস এক শতাব্দীরও বেশি সময় ধরে মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ সংবাদপত্র হিসেবে কাজ করে আসছে।
পত্রিকাটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ মার্কিন সরকারের কাছ থেকে পেলেও বিভিন্ন সময় ক্ষমতায় থাকা সরকারের কাছ থেকে সম্পাদকীয় স্বাধীনতা বজায় রাখার চেষ্টা করেছে।
তবে সমালোচকেরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে সংবাদপত্রটির ওপর চাপ বেড়েছে।
২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্পের প্রথম মেয়াদে পেন্টাগন পত্রিকাটির সরকারি অর্থায়ন বন্ধ করার উদ্যোগ নিয়েছিল। তবে তখন ট্রাম্প বলেছিলেন, 'আমার দায়িত্বে থাকা অবস্থায়' এর বাজেট কমানো হবে না।
তখন তিনি বলেছিলেন, 'এটি আমাদের মহান সামরিক বাহিনীর জন্য তথ্যের একটি চমৎকার উৎস হিসেবে কাজ করে যাবে।'
তবে জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রতিরক্ষা বিভাগ সংবাদপত্রটিকে সরকারের অগ্রাধিকারের সঙ্গে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেয়।
পেন্টাগন সংবাদপত্রটির ওমবাডসম্যান (অভিযোগ যাচাইকারী কর্মকর্তা) জ্যাকলিন স্মিথকেও বরখাস্ত করে। সংবাদ প্রকাশে রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকানোই ছিল তার দায়িত্ব। এই সিদ্ধান্তের পর সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ব্যাপক সমালোচনা হয়।
বরখাস্তের পর এক কলামে স্মিথ লেখেন, 'কংগ্রেসের দেওয়া দায়িত্ব অনুযায়ী স্টারস অ্যান্ড স্ট্রাইপস-এর সম্পাদকীয় স্বাধীনতা রক্ষার দায়িত্বে থাকা একমাত্র ব্যক্তিকে তারা সরিয়ে দিচ্ছে—এতে কারও অবাক হওয়ার কিছু নেই।'
হেগসেথ এরই মধ্যে পেন্টাগনে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার উদ্যোগও নিয়েছেন।
বর্তমানে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগও সরাসরি জড়িত। ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ শুরু করে।
যুক্তরাষ্ট্রে যুদ্ধটি ব্যাপকভাবে অজনপ্রিয়। একই সঙ্গে দীর্ঘস্থায়ী এই সামরিক অভিযান মার্কিন বাহিনী ও গোলাবারুদের মজুতের ওপর চাপ তৈরি করেছে বলে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
ইউএসএস আব্রাহাম লিংকনে মার্কিন সেনাদের মনোবল কমে যাওয়া ও আত্মহত্যার চেষ্টার ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করা দুটি সামরিক সংবাদপত্রের একটি ছিল স্টারস অ্যান্ড স্ট্রাইপস।
বন্দর ছাড়াই দীর্ঘ সময় মোতায়েন থাকার ক্ষেত্রে ইউএসএস লিংকন মার্কিন নৌবাহিনীর রেকর্ড ভেঙেছে। গত নভেম্বরে বন্দর ছাড়ার পর এটিকে প্রথমে ভেনেজুয়েলার উপকূলে পাঠানো হয়। পরে ইরানের কাছাকাছি এলাকায় পাঠানো হয়।
যুদ্ধ নিয়ে সমালোচনামূলক সংবাদ প্রকাশ করায় ট্রাম্প ও তার মিত্ররা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। সামরিক বাহিনীর সমস্যাগুলো তুলে ধরা সাংবাদিকদের দেশবিরোধী আখ্যা দিয়ে ট্রাম্প বলেছেন, তারা দেশের ব্যর্থতা দেখতে চান।
