স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ: ড্রোন প্রযুক্তিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে আজ দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
আজ রোববার (১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সেফ সিটি প্রকল্প বাস্তবায়ন, ডাটাবেজ রেজিস্ট্রেশন বিষয়ক কারিগরি সহযোগিতা এবং সন্ত্রাস দমনে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া দু'দেশের পুলিশ একাডেমির মধ্যে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর, অপরাধী বা বন্দি বিনিময় এবং ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলোও আলোচনায় স্থান পায়।
বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে উভয় পক্ষই সৌহার্দ্যপূর্ণ মনোভাব প্রকাশ করে।
সাক্ষাৎকারের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী হাইকমিশনারকে স্বাগত জানান। পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সালাহউদ্দিন আহমদকে অভিনন্দন জানান এবং তার নতুন পোর্টফোলিওতে সাফল্য কামনা করেন।
