মাঠ প্রশাসনে রদবদল শুরু, সরানো হলো ৫ জেলা প্রশাসককে
মাঠ প্রশাসনে বড় ধরনের পরিবর্তন শুরু করেছে সরকার। এরই অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শীঘ্রই এসব শূন্য পদে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে।
আজ রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে ৫ জন জেলা প্রশাসককে (ডিসি) তাদের বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে সচিবালয়ে সংযুক্ত করা হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর জেলা প্রশাসক পর্যায়ে এটাই প্রথম বড় পরিবর্তন।
প্রত্যাহার হওয়া ৫ জন জেলা প্রশাসক হলেন— গাজীপুরের মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার মো. ইকবাল হোসেন, নেত্রকোণার মো. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের মো. শাহাদাত হোসেন মাসুদ। তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নবনির্বাচিত সংসদ সদস্যরা অনেক ক্ষেত্রে তাদের উন্নয়নমূলক ও প্রশাসনিক কার্যক্রমের সুবিধার্থে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে নিজেদের পছন্দের বা সমন্বয় করে চলতে পারেন এমন কর্মকর্তাদের চেয়ে নিতে পারেন। মূলত সেই প্রেক্ষাপট থেকেই এই পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই রদবদল একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং পর্যায়ক্রমে অন্যান্য জেলাগুলোতেও পরিবর্তন আনা হবে।
এদিকে মাঠ পর্যায়ের আরও কিছু কর্মকর্তাকে মন্ত্রীদের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকারকে প্রত্যাহার করে কৃষি প্রতিমন্ত্রীর একান্ত সচিব করা হয়েছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আলমগীর হোসেনকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীর একান্ত সচিব এবং হবিগঞ্জের বাহুবল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
