সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দুই লঞ্চের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়েছে নৌ পুলিশ। কতজন নিখোঁজ হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আজ বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালের ১৪ নম্বর পন্টুনের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সোহেল (২২)। আহত ২০ বছর বয়সী এক নারীর নাম রুবা আক্তার। তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিএমপির কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় সোহেল (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। তার মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রয়েছে। এছাড়া রুবা আক্তার (২০) নামের এক নারী আহত হয়েছেন।'
তিনি আরও বলেন, 'এই ঘটনায় একাধিক যাত্রী নিখোঁজ থাকতে পারেন। তবে কতজন নিখোঁজ হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।'
এর আগে ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ''টার্মিনালের ১৪ নং পল্টুনের কাছে 'আসা যাওয়া-৫' (ঢাকা ইলিশা) লঞ্চ দাঁড়িয়ে ছিল। ওই লঞ্চে ট্রলার দিয়ে যাত্রী তোলা হচ্ছিল। তখন 'এম ভি জাকির সম্রাট-৩' (ঢাকা-দেউলা-ঘোষেরহাট) নামে আরেক লঞ্চ ব্যাক দেওয়ার সময় 'আসা যাওয়া-৫' লঞ্চের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।''
