অবৈধ সম্পদ অর্জন: স্ত্রীসহ র্যাবের সাবেক মহাপরিচালক হারুনের ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশিদ ও তার স্ত্রী ফাতেহা ফারভীন লুনারের নামে থাকা ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। এসব ব্যাংক হিসাবের মধ্যে মোট ৭৪ লাখ ৫০ হাজার টাকা রয়েছে। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে উপসহকারী পরিচালক মো. ইমরান আকন ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেছিলেন। আবেদনে বলা হয়, হারুন অর রশিদের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন। অনুসন্ধান শেষে প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
অনুসন্ধানে হারুন অর রশিদ ও তার স্ত্রী ফাতেহা ফারভীনের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ পাওয়া গেছে। তবে তাদের এই সম্পদের জন্য সন্তোষজনক আয়ের উৎস পাওয়া যায়নি।
গোপনসূত্রে জানা গেছে, তারা অস্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাতের চেষ্টা করছেন। এসব সম্পত্তি যদি স্থানান্তরিত হয়, তাহলে রাষ্ট্রের ক্ষতি হতে পারে। এজন্য তাদের অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।
