সাবেক হাইকমিশনার সাঈদা মুনাসহ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম, তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন্স লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরী এবং তাদের দুই সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন। বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা মো. তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত অপর দুজন হলেন- তৌহিদুল ইসলাম চৌধুরীর ছেলে আলভি আজফার চৌধুরী ও জাভেদ অপগেনহাফেন।
দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের করা আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে ঋণের নামে প্রায় ২ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং ওই অর্থ বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে তথ্য পেয়েছে দুদক। অভিযোগের অনুসন্ধান ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।
