৫৩৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
ক্ষমতার অপব্যবহার করে একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ৫৩৮ কোটি টাকা ঋণ অনুমোদনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দুদকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে কমিশনের সচিব সাইদুর রহমান খান এ তথ্য জানান।
দুদকের সচিব বলেন, কোনো ধরনের জামানত ও ঋণ গ্রহণযোগ্যতা যাচাই না করেই 'স্কাইমার্ক ইন্টারন্যাশনাল' নামে একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠানের অনুকূলে ৫৩৮ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়।
তিনি জানান, 'এ ঘটনায় সালমান এফ রহমান, তার ছেলেসহ ২৫ জনের বিরুদ্ধে দণ্ডবিধি ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হবে।'
দুদকের তথ্য অনুযায়ী, ঋণের মূল ৫৩৮ কোটি টাকার সঙ্গে সুদ ও অন্যান্য চার্জ যোগ হয়ে আইএফআইসি ব্যাংকের মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬০৪ কোটি ৬৯ লাখ টাকা।
