নিউ গিনি প্রপার্টিজে ভাঙচুর-গুলি-লুটপাট: মূল আসামিসহ গ্রেপ্তার ৪
রাজধানীর ইসিবি চত্বরে আবাসন প্রকল্প নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলির ঘটনায় করা মামলায় মূল আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—মামলার মূল আসামি শাহরিয়ার, মামুন, আসলাম ও মুন্না।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি জানান, রোববার দুপুরের পর রাজধানীর বেইলি রোড থেকে শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়। তিনি এই ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পক্ষ থেকে করা মামলার ১ নম্বর আসামি।
এর আগে শনিবার রাতে ঘটনাস্থল থেকে ও রোববার সকালে একজনকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পক্ষ থেকে রোববার দুপুুরে ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হয়েছে। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।
ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন টিবিএসকে বলেন, 'নিউ গিনি প্রপার্টিজের মালিকের ভাই সাইফুল বাদী হয়ে মামলাটি করেছেন। অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তার সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে।'
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মিরপুরের ইসিবি চত্ত্বর সংগ্লগ্ন নিউ গিনি প্রপার্টিজে গুলি বর্ষণ করে হামলা চালায় কয়েকশ মানুষ। সেখানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের 'ব্রাউনফিশ' নামে একটি স্টুডিও রয়েছে। হামলাকারীরা সেখানেও ভাঙচুর ও লুটপাট চালায়।
