আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের অনুসন্ধানে আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার, অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার, সরকারি পদে নিয়োগ ও পদায়নে অর্থ লেনদেন, টেন্ডার-বাণিজ্য এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
অনুসন্ধানের মধ্যে তিনি দেশত্যাগ করলে সংশ্লিষ্ট কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছে দুদক। এ কারণে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, আসিফ মাহমুদ ও তার স্ত্রীর ব্যাংক হিসাব, সম্পদ এবং দেশে-বিদেশে লেনদেনের তথ্য চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি দেয় দুদক।
ওই চিঠিতে পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে তাদের নামে কোনো ব্যাংক হিসাব, বিনিয়োগ, সম্পদ, জমি কেনা বা শেল কোম্পানির সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য রয়েছে কি না, তা জানাতে অনুরোধ করা হয়েছে।
দুদকের অনুসন্ধানে আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগও যাচাই করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে অর্থ পাচার করে ভিলা, জমি ও ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো অনুসন্ধানাধীন।
