আসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রীর ব্যাংক হিসাব, সম্পদ এবং দেশে-বিদেশে লেনদেনের তথ্য চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালামের সই করা চিঠিতে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাব ও সম্পদসংক্রান্ত বিভিন্ন তথ্য ও নথি সরবরাহের অনুরোধ করা হয়েছে।
চিঠিতে দেশের সব ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে তাদের নামে থাকা চালু, সুপ্ত ও বন্ধ—সব ধরনের হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য, ব্যাংক লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস এবং ঋণসংক্রান্ত নথিপত্র।
এ ছাড়া তাদের দেশে-বিদেশে লেনদেনের তথ্যও চেয়েছে দুদক।
বিশেষ করে পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, অর্থপাচার এবং শেল কোম্পানি গঠনসংক্রান্ত কোনো তথ্য বা নথি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বিএফআইইউকে অনুরোধ করা হয়েছে।
ওই পাঁচ দেশে আসিফ মাহমুদ বা তার স্ত্রীর নামে কোনো ব্যাংক হিসাব, বিনিয়োগ বা সম্পদ রয়েছে কি না এবং বিদেশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে এ ধরনের কোনো লেনদেন হয়েছে কি না সে সম্পর্কিত তথ্যও চাওয়া হয়েছে।
দুদকের অনুসন্ধানে আসিফ মাহমুদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ স্থানান্তরসহ বিভিন্ন অভিযোগ যাচাই করা হচ্ছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনও অনুসন্ধানাধীন।
এর আগে চলতি মাসের শুরুতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানায় দুদক। পরবর্তী সময়ে তার দায়িত্বকালে নিয়োগ, পদোন্নতি ও বদলিসংক্রান্ত নথিও চেয়েছে সংস্থাটি।
গত ১৫ সেপ্টেম্বর দুদক সচিব সাইদুর রহমান খান জানিয়েছিলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থপাচারের অভিযোগের সত্যতা যাচাই করতে প্রয়োজনে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে তথ্য চেয়ে চিঠি পাঠানো হবে।
এদিকে ১৪ সেপ্টেম্বর দুদক জানিয়েছিল, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে কাউকে টার্গেট করে কাজ করা হচ্ছে না এবং পেন্ডিং লিস্ট অনুযায়ী অনুসন্ধান পরিচালনা করা হচ্ছে।
