১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪৩২ বঙ্গাব্দের ২৭ ফাল্গুন মোতাবেক ২০২৬ খ্রিস্টাব্দের ১২ মার্চ রোজ বৃহস্পতিবার বেলা ১১:০০ ঘটিকায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ খ্রিস্টাব্দের ১ম) অধিবেশন শুরু হবে।
এতে আরও জানানো হয় যে, রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক (উপসচিব) মো. এমাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
