গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
বক্তব্য প্রদানকালে রাষ্ট্রপতি সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। একইসঙ্গে তিনি দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর আলোকপাত করেন।
সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের কর্মপরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ নিয়ে বলেন, 'বর্তমান সরকার করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ নীতি নিয়ে কাজ করছে।'
তিনি জানান, দুর্নীতি দমন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এই সরকারের প্রধান অগ্রাধিকার।
এ সময় তিনি দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন সময়োপযোগী উদ্যোগের কথা সংসদকে অবহিত করেন।
রাষ্ট্রপতি তার ভাষণে সামাজিক স্থিতি, প্রযুক্তির উৎকর্ষ, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের নেওয়া বহুমুখী পদক্ষেপের বিবরণ দেন।
ভাষণ প্রদান শেষে তিনি সংসদ কক্ষ ত্যাগ করেন।
এর আগে, স্পিকার হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য আহ্বান জানালে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিরোধী দল জামায়াতসহ অন্যান্য দলের সংসদ সদস্যরা আসন ছেড়ে দাঁড়িয়ে রাষ্ট্রপতির উপস্থিতির প্রতিবাদ জানান।
তাদের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। এসব প্ল্যাকার্ডে 'জুলাই নিয়ে গাদ্দারি চলবে না', 'জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর'–সহ বিভিন্ন প্রতিবাদী কথা লেখা ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকার ও সংসদীয় নিয়ম মেনে চলার আহ্বান জানান।
