খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ অনুষ্ঠিত হচ্ছে। অধিবেশনের প্রথম বৈঠকে দেশের ও বিশ্বের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।
বৈঠকে গত ২৫ ডিসেম্বর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
এছাড়া ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস জর্জ মারিও বার্গোগ্লিও এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদ শোক ও দুঃখ প্রকাশ করে।
এছাড়াও শোক প্রস্তাবে সাবেক আরও কয়েকজন সংসদ সদস্যের মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়।
সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শোক প্রস্তাবে আরও কয়েকটি নাম অন্তর্ভুক্ত করার আবেদন জানান। প্রস্তাবিত নামগুলোর মধ্যে রয়েছেন ওসমান হাদী, আবরার ফাহাদ এবং ফেলানি খাতুন।
