সব হাসপাতাল ও মেডিকেল কলেজের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই কিনে রাখার নির্দেশ
দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের লাইব্রেরিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা তিনটি বই কিনে সংরক্ষণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
গত ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল ইসলামের সই করা এক চিঠিতে এই নির্দেশ দেওয়া করা হয়।
ওই চিঠিতে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের প্রধানদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা বই তিনটি হলো—'প্রেসিডেন্ট জিয়া রাজনৈতিক জীবনী', 'বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম' এবং 'সবার আগে বাংলাদেশ'।
জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত এই প্রতিটি বইয়ের একটি করে কপি কিনে সংরক্ষণের জন্য গ্রন্থাগারগুলোকে অনুরোধ করা হয়েছে।
চিঠিতে ঢাকার ১১/১ বাংলাবাজারের ইসলামী টাওয়ারে অবস্থিত জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার গত ২৩ আগস্টের একটি চিঠির সূত্র উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরসহ বেশ কয়েকটি দপ্তরে নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।
এ ছাড়া জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট), স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং ন্যাশনাল ইলেকট্রো-মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারেও এ চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
চিঠিতে প্রতিষ্ঠানগুলোকে বই কেনার নির্দেশ দেওয়া হলেও এর জন্য কোনো নির্দিষ্ট বাজেট, অর্থ বরাদ্দ কিংবা ক্রয় প্রক্রিয়ার বিস্তারিত উল্লেখ করা হয়নি।
