নাতনির মেয়ের হাত ধরে কেন্দ্রে ৯৯ বছর বয়সি জমিরুন নেছা; ভোট দিয়ে উচ্ছ্বসিত
বয়সের ভারে ন্যুব্জ শরীর নিয়ে ৯৯ বছর বয়সি জমিরুন নেছা স্বজনদের সহায়তায় উপস্থিত হয়েছেন ভোটকেন্দ্রে।
আজ রাজধানীর খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রে নাতির মেয়ে জোবাইদা হকের হাত ধরে ধীর পায়ে তাকে প্রবেশ করতে দেখা যায়।
খিলগাঁও তালতলা এলাকা থেকে এই প্রবীণাকে ভোট দিতে নিয়ে আসেন তার নাতনির মেয়ে জোবাইদা। দীর্ঘ সময় পর ভোট দিতে পারার সুযোগ ও উচ্ছ্বাস থেকেই বৃদ্ধা এই বয়সেও কেন্দ্রে এসেছেন বলে জানান তার স্বজনরা।
জোবাইদা হক জানান, ভোটার স্লিপে বয়স ৯৯ বছর উল্লেখ থাকলেও বাস্তবে জমিরুন নেছার বয়স ১০০ বছরের বেশি হবে।
তিনি বলেন, 'গত কয়েক বছর ভোট দেওয়া হয়নি। এবার ভোট দিতে এসেছি। বড় মাকেও সঙ্গে নিয়ে এসেছি। ভোটার স্লিপে ওনার বয়স ৯৯ বছর হলেও বাস্তবে ১০০ এর বেশি। উনিও ভোট দেয়ার জন্য এক্সাইটেড ছিলেন।'
