চট্টগ্রামে ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুর্বৃত্তরা সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে খুলে নিয়ে যায়।
এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদের পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
ভোটের ঠিক আগে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সরঞ্জাম চুরি হওয়ায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, নির্বাচনের দিন বিশৃঙ্খলা বা নাশকতার অংশ হিসেবে পরিকল্পিতভাবে ক্যামেরাগুলো সরিয়ে ফেলা হয়ে থাকতে পারে। তারা দ্রুত তদন্ত, জড়িতদের শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তবে ঘটনার পর উক্ত স্থানে পুনরায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তাহমিনা আক্তার।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরি বলেন, 'ঘটনাটি তদন্তাধীন। সিসিটিভি ফুটেজ চেক করে জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
