'অতি ডানপন্থিদের' ফাঁদে পা না দিতে সতর্ক করলেন মাহফুজ
ধ্বংসাত্মক ও নৈরাজ্যকর রাজনীতির মাধ্যমে কিছু 'অতি ডানপন্থি গোষ্ঠী' দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে উল্লেখ করে তাদের ফাঁদে পা না দেওয়ার জন্য জনগণকে সতর্ক করেছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। একই সঙ্গে গণমাধ্যম কার্যালয়ে হামলা ও জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল কবিরকে হেনস্তার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।
পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশকে বাঁচাতে হলে অতি ডানপন্থি রাজনীতির উত্থান ঠেকানো এখন জরুরি জাতীয় দায়িত্ব।
দেশবাসীকে 'ফাঁদে' পা না দেওয়ার আহ্বান জানিয়ে সাবেক এই উপদেষ্টা বলেন, 'কিছু অতি ডানপন্থী গোষ্ঠী ধ্বংসাত্মক ও অরাজক রাজনীতির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমি সব দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তিকে পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত, সহিংসতার সংস্কৃতি ও ব্যর্থ রাজনৈতিক চর্চা থেকে বেরিয়ে আসার আহ্বান জানাই।'
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা এবং জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তার ঘটনার তীব্র নিন্দা জানান মাহফুজ আলম। তিনি বলেন, 'জুলাই বা দেশপ্রেমের নামে যেকোনো ধরনের সহিংসতা ও অরাজকতাকে আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। আমি একে বৈধতা দেব না, এর কাছে মাথাও নত করব না।'
পোস্টে তিনি শহীদ মিনারে দেওয়া নিজের একটি বক্তব্যের ব্যাখ্যাও দিয়ে বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে শহীদ মিনারে আমার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, যা আমার উদ্দেশ্যের বিপরীত ছিল। আবেগের বশবর্তী হয়ে রূপক অর্থে আমি কথাটি বলেছিলাম। আমার ওই বক্তব্যে কোনো সচেতন নাগরিক কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।'
নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে মাহফুজ আলম আরও বলেন, জুলাইয়ের শুরু থেকেই তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ, রাষ্ট্র পুনর্গঠন ও সম্প্রীতির রাজনীতির পক্ষে ছিলেন। তিনি বলেন, 'আমাদের সামনের পথ পরিষ্কার। অরাজকতা দিয়ে নয়; বরং প্রতিরোধ, পুনর্গঠন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে আমরা শহীদ ওসমান হাদির আত্মত্যাগের মর্যাদা রক্ষা করব।'
শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারি সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সাবেক এই উপদেষ্টা।
উল্লেখ্য, গত সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে উল্লেখ্য, জুলাই আন্দোলনকারীদের ওপর কোনো আক্রমণ হলে এবার পাল্টা আক্রমণে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মাহফুজ আলম। তিনি বলেছিলেন, 'আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব। অত সুশীলতা করে লাভ নেই। কারণ, অনেক ধৈর্য ধরা হয়েছে।'
