সিলেটে চোরাই পথে আসা ১৪ ট্রাক ভারতীয় চিনির চালান জব্দ
সিলেটে ১৪ ট্রাক ভারতীয় চিনির অবৈধ চালান জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৬টায় সিলেট সদর উপজেলার কোম্পানীগঞ্জ-সিলেট সড়কের জালালাবাদ থানাধীন উমাইরগাঁও এলাকার ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভারতীয় চিনিবোঝাই গাড়িগুলো জব্দ করা হয়। তবে ট্রাকচালকরা গাড়ির চাবি নিয়ে পালিয়ে গেছে।
বিভিন্ন সময় প্রশাসনের অভিযানে চোরাই পথে আসা চিনি জব্দ করলেও থামছে না চোরাচালান। প্রায় প্রতিদিনই সিলেট বিভাগের বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাকারবারিরা চোরাই পথে দেশে নিয়ে আসছে ভারতীয় চিনি। এটি এযাবৎকালে জব্দ করা চিনির সবচেয়ে বড় চালান। তবে ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
জানা যায়, ট্রাকগুলো কোম্পানীগঞ্জ থেকে সিলেট নগরের দিকে আসছিলো। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ধাওয়া দিলে ১৪টি ট্রাক, প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ। তিনি বলেন, 'চোরাইপথে আনা চিনি যাতে নগরে প্রবেশ করতে না পারে এ ব্যাপারে আমরা সতর্ক রয়েছি।'
জব্দকৃত চিনির আনুমানিক মূল্য ২ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারতে চিনির দাম বাংলাদেশ থেকে অনেক কম হওয়ায় চোরাই পথে ভারতীয় চিনি দেশে নিয়ে আসে চোরাকারবারিরা। বছরখানেক ধরেই চলছে এ অবৈধ ব্যবসা। এতে প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মী অনেকে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সীমান্ত পার করার পর এসব চিনি ট্রাকযোগে নিয়ে আসা হয় সিলেটের পাইকারি বাজার কালিঘাটে। সেখান থেকে দেশের নানা প্রান্তে যায় এই চিনি। চোরাইপথে ব্যাপক হারে চিনি আসার ফলে সিলেটে চিনির দাম দেশের অন্য এলাকা থেকে অপেক্ষাকৃত কম বলেও জানা গেছে।
এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি মিজানুর রহমান বলেন, 'সিলেটে ভারতীয় চিনির সবচেয়ে বড় অবৈধ চালান জব্দ করা হয়েছে। আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।'
