শীতে কাঁপছে বাংলাদেশ-ভারত, ঢাকায় সর্বনিম্ন ১২.৫ ডিগ্রি, দিল্লিতে ৩
চলতি শীত মৌসুমে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ সকালে। সংশ্লিষ্ট আবহাওয়া কেন্দ্র থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে দিল্লির সাফদারজং-এর তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। খবর হিন্দুস্তান টাইমসের।
এদিকে প্রায় পুরো বাংলাদেশ জুড়েও বইছে শৈত্যপ্রবাহ। দেশের আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, রাজধানী ঢাকায় আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে তাপমাত্রা।
দিল্লির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম
ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের (আইএমডি) সকালের আবহাওয়ার বুলেটিনে আরো জানানো হয়, দিল্লির তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নিচে আছে।
গতকাল বুধবার সাফদারজংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
আইএমডি থেকে আরো জানানো হয়, আয়ানগরে আজ সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২.২ ডিগ্রি সেলসিয়াস। এ শহরে সাধারণত এত নিচে তাপমাত্রা নামার নজির নেই।
ঘন কুয়াশায় ঢেকে গেছে পুরো দিল্লি; সড়কের দৃশ্যমানতাও কম।
তবে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে, যা গতকালের তুলনায় ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।
এদিকে, আগামী তিন দিন দিল্লিতে শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে সতর্কবার্তা জারি করেছে আইএমডি। পাশাপাশি আগামী দুই দিন দেশটির রাজধানী জুড়ে ঘন কুয়াশা অব্যাহত থাকবে।
তীব্র শীত থাকা সত্ত্বেও দিল্লি বিমানবন্দরে সব ফ্লাইট স্বাভাবিক নিয়মেই চলছে। তবে, উত্তর ভারতে কুয়াশার কারণে ১২টির মতো ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, সর্বোচ্চ টেকনাফে
রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা জুড়ে আজ মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সারাদিন এ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।
আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে।
এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
