সিনহা হত্যা: ৪ পুলিশ সদস্য ৩ স্বাক্ষী র্যাবের রিমান্ডে
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাত দিনের রিমান্ডের আদেশপ্রাপ্ত চার পুলিশ সদস্য এবং ওই ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব হেফাজতে নেওয়া হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা কারাগার থেকে এ সাতজনকে র্যাব হেফাজতে নিয়ে যাওয়া হয়। এর আগে গত বুধবার তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
র্যাব হেফাজতে রিমান্ডে নেওয়া অভিযুক্তরা হলেন- কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়া এবং পুলিশ দায়েরকৃত মামলার সাক্ষী নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও মোহাম্মদ আয়াজ।
তথ্যের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন জানান, মেজর সিনহা হত্যা মামলায় কারাগারে থাকা পুলিশের চার সদস্য ও অপর একটি মামলার (স্বাক্ষী) তিন অভিযুক্তসহ মোট সাতজনকে কারাগার থেকে র্যাব হেয়াজতে নিয়ে যাওয়া হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের আগে তাদের কক্সবাজার সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানোর কথা রয়েছে।
গত ৩১ জুলাই রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় দেশজুড়ে সমালোচনা শুরু হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। ৫ আগস্ট ওসি প্রদীপ ও দায়িত্বরত পরিদর্শক লিয়াকত আলীসহ নয় জনকে আসামি করে সিনহার বোন কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় নয় পুলিশ সদস্যকেই বরখাস্ত করা হয়। মামলাটি তদন্ত করছে কক্সবাজার র্যাব-১৫।
ওই মামলায় ওসি প্রদীপসহ তিন জনকে সাত দিনের রিমান্ড ও অন্য অভিযুক্তদের দুদিন করে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত। ওসি প্রদীপসহ সাত অভিযুক্ত রয়েছেন কারাগারে।
একই ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ৯ আগস্ট সিনহার সহযোগী শিপ্রা দেবনাথ ও ১০ আগস্ট সাহেদুল ইসলাম সিফাত জামিনে কারাগার থেকে মুক্তি পান। তবে পুলিশের দায়ের করা মামলার তিন স্বাক্ষী নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও মোহাম্মদ আয়াজ, পুলিশের চার সদস্য ও ওসি প্রদীপসহ মোট ১০জন কারাগারে রয়েছেন।
কারা গেইটে জিজ্ঞাসাবাদ করা পুলিশের চার সদস্য ও সন্দেহজনক আসামি পুলিশের স্বাক্ষী তিনজনকে আদালত সাত দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছেন। সেই আদেশেই শুক্রবার তাদের জিজ্ঞাসাবাদে নিয়ে যাওয়া হয়েছে।
