ভারতীয় নৌযানের ধাক্কায় বাংলাদেশি জাহাজডুবি
সিমেন্ট নির্মাণে ব্যবহৃত ফ্লাই অ্যাশ নিয়ে ভারতের কলকাতা থেকে দেশে ফিরছিল বাংলাদেশি পণ্য পরিবাহী একটি জাহাজ। গত বৃহস্পতিবার বিকেলে জাহাজটি হুগলী নদীতে ডুবে যায়।
এদিন বেশ কয়েক ঘণ্টা আগে কলকাতা বন্দর কর্তৃপক্ষের মেরামত দায়িত্বে নিয়োজিত বড় জাহাজ 'ডিসপ্যাচ ভ্যাসেল' বাংলাদেশি 'এমভি মমতাময়'কে ধাক্কা দেয়। সংঘর্ষে মমতাময়ের ইঞ্জিন বিকল হয়ে যায় এবং খোলে চিড় ধরে বলে হিন্দুস্তান টাইমসের খবরে জানা গেছে।
এরপর জাহাজটিকে দক্ষিণ ২৪ পরগনার বজবজ সেতুর কাছে অবস্থিত মহেশথালা জেটিতে নিয়ে আসা হয়। সেখানে পণ্য বোঝাই জাহাজটি খোলে চিড়ের কারণে ধীরে ধীরে ডুবে যায়।
এই ঘটনায় জাহাজের নাবিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এর আগে, সংঘর্ষের সময় একজন আহত হয়েছেন।
কলকাতা বন্দর কর্তৃপক্ষের (কেপিটি) মুখপাত্র সঞ্জয় মুখার্জি জানান, নির্ধারিত রুট দিয়ে কেপিটির পথনির্দেশক জাহাজকে অনুসরণ করেই যাচ্ছিল এমভি মমতাময়। এ সময় কেপিটির মেরামতি জাহাজ 'রবীন্দ্র' কিছু ভাসমান বয়া মেরামতের কাজে যাওয়ার সময় বাংলাদেশি জাহাজটিকে ধাক্কা দেয়।
এই ঘটনায় কেপিটির জাহাজটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্দর মহাপরিচালক ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।
এমভি মমতাময়ে থাকা ফ্লাই অ্যাশ এবং জ্বালানি তেল পানিতে মেশার ফলে নদীদূষণ বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
