বিনামূল্যের বাজার থেকে সবজি নিলেন হাজারও মানুষ
চলমান করোনা দুর্যোগের সময়ে কর্মহীন মানুষদের বিনামূল্যে সবজি দিতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজন করা হয় ফ্রি সবজি বাজার।
শনিবার সকাল ৯টা থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে সবজি বন্টন করা হয়। সেখান থেকে প্রায় ১ হাজার মানুষ সবজি নিয়েছেন।
বরমচাল উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০০৩ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে বসেছিল ওই বাজার।
আয়োজকরা জানান, নিজেরা টাকা তুলে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে সবজি কিনে এনে মাঠে জমা করেন। আগের ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট সময়ে বাজার শুরু হয়।
ওই বাজারে ৫০০টি লাউ এবং ৫ ০০টি কুমড়ার পাশাপাশি বেগুন, টমেটো, আলু রাখা হয়। জনপ্রতি একটি লাউ বা কুমড়া এবং সঙ্গে বেগুন, টমেটো ও আলু দেওয়া হয়।
লাইনে দাঁড়িয়ে সবজি নিয়েছেন হারুন মিয়া। তিনি বলেন, আয় নেই, বাজারেও যেতে পারছি না। আলু খেতে খেতে বাচ্চারা বিরক্ত হয়ে গেছে। এমন সময় চার জাতের সবজি পেয়ে ভালো লাগছে।
রিক্সাচালক কুটি মিয়া বলেন, এই সময়ে যা পাচ্ছি, তাই অনেক। এমন করে এলাকার ছেলেরা আয়োজন করেছে, তাই সকাল সকাল এসে লাইনে দাড়িয়েছি। ৩-৪ দিন ভাল করে খেতে পারব।
আয়োজকরা আরও জানান, এর আগে তারা সম্মিলিতভাবে প্রায় আড়াই 'শ পরিবারের মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি মসুরি ডাল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১টি সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এর ধারাবাহিকতায় আগামীতেও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তারা।
এই আয়োজনে সার্বিক সহযোগীতায় ছিলেন সাংবাদিক সাইদুল হাসান সিপন, কুলাউড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আহসান রাব্বী মিরাজ, সাংবাদিক এনামুল আলম, আমেরিকা প্রবাসী নাজমুল ইসলাম, ইউপি সদস্য আশরাফুল ইসলাম রাজিব, পর্তুগাল প্রবাসী অদুদ মিয়া সুমন, কুয়েত প্রবাসী হেলাল আহমদ, ব্যবসায়ী হাসান আহমদ লিটন, প্রবাসী শামীম আহমদ প্রমুখ।
