টাঙ্গাইল লকডাউন
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি এড়াতে মঙ্গলবার বিকেল চারটা থেকে লকডাউন করে দেওয়া হয়েছে টাঙ্গাইল জেলা।
টাঙ্গাইল জেলার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। একই সঙ্গে টাঙ্গাইল পৌর এলাকার চতুর্দিকে চেকপোস্ট বসানো হবে যাতে শহরে বা জেলায় কোনো গণপরিবহন বা কোন ব্যক্তি প্রবেশ করতে না পারে এবং কেউ যেন বাইরে যেতে না পারে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল সার্কিট হাউজে এক সভায় লকডাউনের এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সদর আসনের এমপি মোঃ ছানোয়ার হোসেন, লে: কর্নেল মোহাম্মদ সোহেল রানা, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা: মোঃ ওয়াহীদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শহীদ উল্লাহ, পৌর মেয়র জামিলুর রহমান মিরন, র্যাবের ডিএডি শফিকুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবে সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
করোনা প্রতিরোধে জেলার সকল জনসাধারণকে ঘরে থাকতে বলা হয়েছে এবং শহরে সবধরণের ইজিবাইক, সিএনজি চালিত অটোরিক্সা, ভ্যান বা সকল প্রকার যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে ওষুধ, খাদ্য পণ্যবাহী যানবাহন, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী, সংবাদকর্মীরা এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকবেন।
