আপনার বিড়াল আনন্দে আছে নাকি কষ্টে, জানাবে অ্যাপ
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষা প্রাণীটির নানা ভঙ্গির কিংবা রাগান্বিত ছবি পোস্ট করতে অনেকেই ভালোবাসেন; বিশেষত যাদের বাড়িতে বিড়াল রয়েছে, তাদের ক্ষেত্রে তো কথাই নেই। এবার তাদের সামনে সুযোগ এসেছে স্মার্টফোনের ক্যামেরায় বিড়ালের মুখ গুঁজে থাকার আরও অনেক স্ন্যাপশট নেওয়ার। আর এর মাধ্যমে আসলে তাদের সার্বক্ষণিক আদুরে সঙ্গীর কিছুটা উপকারও হবে।
কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগরি শহরের অ্যানিমেল টেকনোলজি কোম্পানি, সিলভেস্টার.এআই 'ট্যাবলি' নামের নতুন একটি অ্যাপ উদ্ভাবন করেছে; যা ফোনের ক্যামেরা ব্যবহারের মাধ্যমেই বুঝিয়ে দিবে আপনার বিড়াল মনোঃকষ্টে আছে নাকি!
বিড়ালের কোনো কষ্ট হচ্ছে কিনা তা বুঝতে এই অ্যাপটি বিড়ালের কান ও মাথার অবস্থান, চোখের সংকোচন, নাসারন্ধ্র ওঠানামা এবং গোঁফের অবস্থান ইত্যাদি পর্যবেক্ষণ করবে। ২০১৯ সালে 'সায়েন্টিফিক রিপোর্টস' জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, বিড়ালের তথাকথিত 'মুখ গোমড়া করে থাকা বা মুখ ঝামটা দেওয়া' আসলে তাদের ভেতরকার বড় সমস্যা বা কষ্ট বুঝতে পারার একটি বড় উপায়।
সিলভেস্টার.এআই এর এই উদ্যোগের প্রধান মাইক প্রিস্ট বলেন, "মেশিন লার্নিং ও একাধিক ছবির মাধ্যমে আমরা একটা মেশিনকে প্রশিক্ষিত করতে সক্ষম হয়েছি। এটা দিয়ে বিড়ালের মালিকেরা বুঝতে পারবে তাদের বিড়াল কোনো কষ্টে আছে কিনা"। তরুণ ভেটেরিনারিয়ানদেরও এই অ্যাপ সাহায্য করবে বলে জানান ক্যালগরির ওয়াইল্ড রোজ ক্যাট ক্লিনিকের ডাক্তার লিজ রুয়েল। এই হাসপাতালেই ডেভলপাররা তাদের অ্যাপের অ্যালগরিদম গড়ে তুলেছেন।
রুয়েল বলেন, "আমি বিড়াল নিয়ে কাজ করতে ভালোবাসি, সারাক্ষণ এদের নিয়েই থাকি। কিন্তু তরুণ সহকর্মী যারা আছেন, যাদের অভিজ্ঞতা একটু কম; তারা এই অ্যাপের সাহায্য নিয়ে বুঝতে পারবেন যে রোগী কোনো কষ্ট পাচ্ছে কিনা"।
তবে অ্যাপে শুধু বিড়ালের মুখের ছবি দিয়ে সমস্যা শনাক্ত করতে পারলেও, বিড়ালের সুস্বাস্থ্য নিশ্চিতের জন্য বিড়াল মালিকদের অবশ্যই তাদের পোষা প্রাণীর পুরো শরীর, মাথা থেকে লেজ অবধি ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে, জানান ব্রিটিশ অ্যানিমেল চ্যারিটি 'আরএসপিসিএ' এর অ্যালিস পটার।
পটার বলেন, "বিড়াল যদি ভীত থাকে তাহলে সে তার লেজকে শক্ত করে নিজের দিকে গুটিয়ে রাখবে। তাছাড়া, বিড়াল কি খাচ্ছে, পান করছে, তার মলমূত্র ত্যাগ, ঘুমের ধরন- এসবের উপর ভিত্তি করে তাদের শারীরিক অবস্থা বা আচরণগত পরিবর্তন আসে। এগুলো স্বাভাবিক রয়েছে কিনা তা আপনাকে বুঝতে হবে"।
- সূত্র- গালফ নিউজ
