লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
দুই সপ্তাহের জন্য ঘোষিত বহুল আলোচিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পিবিএস-এর হোয়াইট হাউস প্রতিনিধি লিজ ল্যান্ডার্সের বরাতে এই তথ্য জানা গেছে।
লিজ ল্যান্ডার্স জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে বলেছেন যে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কারণে লেবাননকে এই চুক্তির বাইরে রাখা হয়েছে। হিজবুল্লাহ প্রসঙ্গে ট্রাম্প সরাসরি মন্তব্য করেন, তাদের 'দেখে নেওয়া হবে।'
লেবাননে বর্তমান ইসরায়েলি হামলার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বিষয়টিকে খুব একটা গুরুত্ব না দিয়ে একে একটি 'বিচ্ছিন্ন সংঘর্ষ' হিসেবে অভিহিত করেন।
ট্রাম্পের এই মন্তব্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আগের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। এর আগে শাহবাজ শরিফ জানিয়েছিলেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই যুদ্ধবিরতির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত ছিল।
সূত্র: আল-জাজিরা
যুদ্ধবিরতি লঙ্ঘন শান্তি প্রক্রিয়ার চেতনাকে ব্যাহত করছে: শাহবাজ শরিফ
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংকটে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে সংঘাতপূর্ণ অঞ্চলের 'কয়েকটি স্থানে' যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, 'সংঘাতপূর্ণ অঞ্চলের কিছু কিছু জায়গায় যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গেছে, যা শান্তি প্রক্রিয়ার মূল চেতনাকে ব্যাহত করছে।'
উদ্ভূত পরিস্থিতিতে সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, 'আমি অত্যন্ত গুরুত্বের সাথে এবং আন্তরিকভাবে সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। সেই সাথে পূর্বনির্ধারিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে সম্মান জানানোর অনুরোধ করছি, যাতে এই সংকটের শান্তিপূর্ণ সমাধানে কূটনীতি অগ্রণী ভূমিকা পালন করতে পারে।'
সূত্র: বিবিসি
হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ: ইরানি গণমাধ্যম
ইসরায়েল লেবাননে এ যাবতকালের সবচেয়ে বড় স্থল অভিযান চালানো এবং হামলা অব্যাহত রাখায় হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে ট্যাঙ্কার চলাচল অব্যাহত রাখা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির একটি গুরুত্বপূর্ণ শর্ত।
তবে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফারস জানিয়েছে, আজ সকালে ইরানের অনুমতি নিয়ে দুটি তেলবাহী ট্যাঙ্কার প্রণালী অতিক্রম করতে পারলেও, বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে ট্যাঙ্কারের চলাচল বন্ধ রয়েছে।
ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিও জানিয়েছে, জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।
উভয় গণমাধ্যমই লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলাকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে।
সূত্র: বিবিসি
লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলে হামলার কথা ভাবছে ইরান
লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রেক্ষাপটে ইসরায়েলে হামলার কথা ভাবছে ইরান।
বুধবার (৮ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
সূত্র: হারেৎজ
ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে গেলে, যুদ্ধবিরতি থেকে সরে আসবে ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম
ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা যুদ্ধবিরতি থেকে সরে আসবে ইরান।
দেশটির তাসনিম সংবাদ সংস্থা এক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
সূত্রটি জানিয়েছে, লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ রাখা দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অংশ ছিল।
তাসনিমের খবরে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের হামলার জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্ভাব্য লক্ষ্য নির্ধারণ শুরু করেছে।
লেবানিজ রেড ক্রসের তথ্য অনুযায়ী, বুধবার বৈরুত ও এর আশপাশে কয়েকশ মানুষ নিহত ও আহত হয়েছেন।
এর আগে একই দিন আইডিএফের চিফ অব স্টাফ এয়াল জামির হিজবুল্লাহর ওপর 'নিরবচ্ছিন্ন' হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
সূত্র: হারেৎজ
ইসরায়েলের হামলায় লেবাননে 'শতাধিক হতাহত': স্বাস্থ্যমন্ত্রী
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, লেবাননে আজ ইসরায়েলের হামলায় শতাধিক মানুষ নিহত ও আহত হয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন বলেছেন, বুধবার ইসরায়েলের হামলায় 'শতাধিক নিহত ও আহত' হয়েছে।
তিনি আল-জাজিরাকে বলেছেন, 'বৈরুতসহ বিভিন্ন এলাকায় হাসপাতালগুলোয় ইসরায়েলি বিমান হামলায় হতাহতের ভিড় উপচে পড়ছে।'
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় হামলা চালিয়ে 'নিরস্ত্র বেসামরিক মানুষ' হত্যা করছে ইসরায়েল।
তিনি বলেন, ইসরায়েল যুদ্ধ বন্ধে আঞ্চলিক ও আন্তর্জাতিক সব প্রচেষ্টাকেই সম্পূর্ণভাবে উপেক্ষা করছে। পাশাপাশি আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের প্রতিও তাদের কোনো তোয়াক্কা নেই, যা তারা কখনোই মেনে চলেনি।
তিনি আরও বলেন, 'লেবাননের সব বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি, এই আগ্রাসন বন্ধে আমাদের সহায়তা করতে—যে কোনো উপায়ে।'
সূত্র: সিএনএন ও আল-জাজিরা
ইরান যুদ্ধবিরতি 'ভিক্ষা' চেয়েছিল: দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান যুদ্ধবিরতি 'ভিক্ষা' চেয়েছিল। সেইসঙ্গে তিনি এই যুদ্ধকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একটি 'ঐতিহাসিক সফলতা' হিসেবে উল্লেখ করেছেন।
পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন হেগসেথ। সেখানে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেলের চেয়ারম্যান ড্যান কেইনও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে হেগসেথ দাবি করেন, ''এই 'অপারেশন এপিক ফিউরি ছিল একটি ঐতিহাসিক সাফল্য'। এই সামরিক অভিযানের চাপে ইরান শেষপর্যন্ত যুদ্ধবিরতি ভিক্ষা চাইতে বাধ্য হয়েছে।''
বৃহস্পতিবার বা শুক্রবার হরমুজ প্রণালি খুলে দিতে পারে ইরান
পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বৈঠকের আগে যুদ্ধবিরতির একটি রূপরেখায় সম্মত হলে আগামীকাল বৃহস্পতিবার কিংবা পরদিন শুক্রবার হরমুজ প্রণালি খুলে দিতে পারে তেহরান।
ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতেরে জেরে এ মাসের শুরুর দিকে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। এতে করে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের বাজার চাপের মুখে পড়ে।
সূত্র: আল-জাজিরা
ট্রাম্পের অপসারণ দাবি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী বিক্ষোভকারীদের
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের দাবি করেছেন দেশটির যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা।
তারা বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহ ইরানে হামলা বন্ধ করলেও 'কোনো সমস্যার সমাধান হয়নি।'
তারা দ্রুত তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করে বলেছেন, তিনি [ট্রাম্প] 'সবাইকে বিপদে ফেলতে পারেন'।
সূত্র: আল-জাজিরা
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানের লাভান তেল শোধনাগারে হামলা
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানের লাভান তেল শোধনাগারে হামলা হয়েছে।
বুধবার ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকাল ৬:৩০ জিএমটি (স্থানীয় সময় সকাল ১০টা) ইরানের লাভান দ্বীপে অবস্থিত একটি তেল শোধনাগারে হামলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, 'নিরাপত্তা ও অগ্নিনির্বাপক বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আগুন নেভানোর কাজ করছে। সৌভাগ্যক্রমে কর্মচারীদের সময়মতো সরিয়ে নেওয়ার কারণে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।'
সূত্র: আল-জাজিরা
ইরানের কাছে অস্ত্র বিক্রি করা দেশগুলোর ওপর ৫০% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে সামরিক অস্ত্র সরবরাহকারী দেশগুলোকে যুক্তরাষ্ট্রে বিক্রি করা যেকোনো পণ্যের জন্য ৫০% শুল্কের আওতায় আনা হবে।
তিনি বলেন, এর 'কোনো ব্যতিক্রম বা ছাড় হবে না।'
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির পথে রয়েছে।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে।
তিনি আরও জানান, যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফা প্রস্তাবের অনেকগুলো ইতোমধ্যেই অনুমোদিত হয়েছে।
তবে ইরান এখনও ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দেয়নি।
সূত্র: আল-জাজিরা
ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ইরানের ওপর আরোপিত 'শুল্ক ও নিষেধাজ্ঞা' শিথিল করা হবে।
তিনি আরও বলেন, 'যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্র যে ১৫ দফা প্রস্তাব দিয়েছিল, তার অনেকগুলো ইতোমধ্যেই অনুমোদিত হয়েছে।'
সূত্র: আল-জাজিরা
'ইরান আর ইউরেনিয়াম সমৃদ্ধি করবে না': ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধি করতে দেওয়া হবে না।
শুক্রবার ইসলামাবাদে পরিকল্পিত আলোচনার আগে তিনি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার প্রশাসনের অবস্থান প্রকাশ করেছেন।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, 'যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাকে আমরা অত্যন্ত ফলপ্রসূ 'রেজিম চেইঞ্জ'-এর মধ্য দিয়ে গিয়েছে বলে মূল্যায়ন করেছি।'
তিনি আরও বলেছেন, গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনার ওপর হামলার পর থেকে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট নজরদারি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ পর্যবেক্ষণ করছে।
সূত্র: আল-জাজিরা
আকাশপথ খুলে দিয়েছে সিরিয়া, দামেস্ক বিমানবন্দরে কার্যক্রম শুরু
আকাশপথ খুলে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া।
সিরিয়ার সিভিল এভিয়েশন ও এয়ার ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ ঘোষণা করেছে, দেশটির সব আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে এবং পুনরায় দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম শুরু হয়েছে।
সূত্র: আল-জাজিরা
লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে; হিজবুল্লাহর হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত না হলে পুরো চুক্তিই ভেঙে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
হিজবুল্লাহর সংসদ সদস্য ইব্রাহিম মুসাওয়ি জানিয়েছেন, এই চুক্তিতে হিজবুল্লাহ-ইসরায়েলও অন্তর্ভুক্ত রয়েছে এবং যদি ইসরায়েল তা না মানে, তাহলে ইরানসহ পুরো অঞ্চল জবাব দেবে।
ইসরায়েলি সেনারা বুধবার সকালে এক বিবৃতিতে জানিয়েছেন, হিজবুল্লাহর সঙ্গে লড়াই এবং স্থল আক্রমণ অব্যাহত থাকবে।
তাদের এই বক্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের পুনরাবৃত্তি।
নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়।
চুক্তি কার্যকর হওয়ার পর দক্ষিণ লেবাননের একাধিক স্থানে ইসরায়েলের হামলা বেড়েছে।
যুদ্ধের শুরু থেকে ইরান বারবার জানিয়েছে, লেবানন ও ইরান একই ফ্রন্ট হিসেবে কাজ করছে। তাই চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে।
ফলে এই মুহূর্তে লেবাননে পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত।
সূত্র: আল-জাজিরা
ইরানে হামলা স্থগিত, তবে লেবাননে অভিযান চলবে: আইডিএফ
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের ওপর হামলা চালানো স্থগিত করেছে। তবে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আগের মতোই অব্যাহত থাকবে।
এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, তারা ইরানে তাদের 'নির্ধারিত দফার হামলাগুলো সম্পন্ন করেছে' এবং বর্তমানে দেশটির রাজনৈতিক নেতৃত্বের 'নির্দেশনা অনুযায়ী' যুদ্ধবিরতি পালন করছে।
বাহিনীটি আরও জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে 'যেকোনো ধরনের উস্কানি বা হামলা হলে তার প্রতিরক্ষামূলক জবাব দিতে' তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
তবে লেবানন ইস্যুতে আইডিএফ তাদের অবস্থান পরিবর্তন করেনি। তারা জানিয়েছে, লেবাননের মাটিতে 'হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের সুনির্দিষ্ট লক্ষ্যভেদী স্থল অভিযানগুলো' এখনও চলমান রয়েছে।
সূত্র: বিবিসি
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে ওমান, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যসহ স্বাগত জানাল যেসব দেশ
চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চীন নিজস্ব জায়গা থেকে প্রচেষ্টা চালিয়েছে।
জাপান
জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা সাংবাদিকদের বলেন, টোকিও এই সাময়িক যুদ্ধবিরতিকে একটি 'ইতিবাচক পদক্ষেপ' হিসেবে গ্রহণ করছে। জাপান এখন একটি স্থায়ী ও চূড়ান্ত শান্তি চুক্তির অপেক্ষায় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ফ্রান্স
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। এই পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, 'এটি একটি খুব ভালো বিষয়।'
তবে মাখোঁ একই সঙ্গে সতর্ক করে বলেছেন, লেবাননের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত সংকটজনক। তিনি মনে করেন, এই যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননকেও অন্তর্ভুক্ত করা উচিত।
ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইভন মেওয়েংকাং এক বিবৃতিতে সংঘাতের সাথে জড়িত সব পক্ষকে সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং কূটনৈতিক প্রচেষ্টাকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।
যুক্তরাজ্য
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখতে এবং একে স্থায়ী রূপ দিতে যুক্তরাজ্য 'সম্ভাব্য সবকিছু' করবে।
এক বিবৃতিতে তিনি বলেন, 'গত রাতে হওয়া এই যুদ্ধবিরতি চুক্তিকে আমি স্বাগত জানাই। এটি এই অঞ্চল এবং পুরো বিশ্বের জন্য কিছুটা স্বস্তি নিয়ে আসবে।'
স্টারমার আরও যোগ করেন, 'আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিয়ে এই যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত এই সমঝোতাকে একটি স্থায়ী শান্তিতে রূপ দেওয়া এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় সবার জন্য উন্মুক্ত করা।'
ওমান
ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় এই পদক্ষেপের প্রশংসা করে।
বিবৃতিতে ওমান এই সংঘাত নিরসনে পাকিস্তান এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানানো সকল পক্ষের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ওমান সরকার জোর দিয়ে বলেছে, এই সংকটকে সমূলে উৎপাটন করতে এবং ওই অঞ্চলে যুদ্ধ ও শত্রুতার স্থায়ী অবসান ঘটাতে এখন কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন। তারা মনে করে, আলোচনার মাধ্যমেই এই অস্থিতিশীল পরিস্থিতির একটি স্থায়ী সমাধান খুঁজে বের করা সম্ভব।
ইউক্রেন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাময়িক যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান। একই সঙ্গে তিনি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধ করার জন্য ওয়াশিংটনের কাছ থেকে একই ধরণের 'দৃঢ় পদক্ষেপ' দাবি করেন।
সিবিহা লিখেছেন, 'আমেরিকার দৃঢ় পদক্ষেপ বা সিদ্ধান্ত আসলেও কার্যকর হয়। আমরা বিশ্বাস করি, মস্কোকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে এবং ইউক্রেনে তাদের যুদ্ধ বন্ধ করতে এখন পর্যাপ্ত দৃঢ়তা দেখানোর সময় এসেছে।'
জার্মানি
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস জানিয়েছেন, তার সরকার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া দুই সপ্তাহের এই যুদ্ধবিরতিকে স্বাগত জানাচ্ছে।
মের্ৎস এই যুদ্ধবিরতি কার্যকর করতে মধ্যস্থতা করার জন্য পাকিস্তানকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি গুরুত্বারোপ করে বলেন, আগামী দিনগুলোতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধের একটি 'স্থায়ী সমাপ্তি' নিশ্চিত করাই সবার প্রধান লক্ষ্য হওয়া উচিত।
অস্ট্রেলিয়া
অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক যৌথ বিবৃতিতে এই দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, 'ইরানের হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং বাণিজ্যিক জাহাজ ও জ্বালানি অবকাঠামোতে হামলার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে নজিরবিহীন অস্থিরতা তৈরি হয়েছে, যা তেলের দামের ওপর সরাসরি প্রভাব ফেলেছে।'
অস্ট্রেলীয় নেতারা আরও সতর্ক করে বলেন, 'আমরা শুরু থেকেই বলে আসছি যে যুদ্ধ যত দীর্ঘ হবে, বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব তত ভয়াবহ হবে এবং মানুষের প্রাণহানিও বাড়বে।'
এই সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান, মিশর, তুরস্ক এবং সৌদি আরবের ভূমিকার প্রশংসা করে তাদের ধন্যবাদ জানিয়েছেন আলবানিজ ও ওং। তারা আশা প্রকাশ করেন যে এই যুদ্ধবিরতি বজায় থাকবে এবং আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমাধান আসবে।
মিশর
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই যুদ্ধবিরতি একটি 'অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ' তৈরি করেছে। আলোচনা, কূটনীতি এবং গঠনমূলক সংলাপের পথ প্রশস্ত করতে এই সুযোগটিকে অবশ্যই কাজে লাগাতে হবে।
ইরাক
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে স্বাগত জানালেও বলেছে, একটি স্থায়ী সমাধানের জন্য যুক্তরাষ্ট্র এবং ইরান—উভয় পক্ষকেই এই চুক্তির প্রতি দায়বদ্ধ থাকতে হবে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা সংকট নিয়ন্ত্রণে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি সমর্থন জানায় এবং সংলাপ ও কূটনীতিকে প্রাধান্য দেয়। একই সাথে তারা যুদ্ধবিরতি পূর্ণাঙ্গভাবে মেনে চলা এবং যেকোনো ধরণের উত্তেজনা থেকে বিরত থাকার ওপর জোর দিয়েছে।
মালয়েশিয়া
মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই যুদ্ধবিরতিকে একটি 'উল্লেখযোগ্য অগ্রগতি' হিসেবে অভিহিত করেছে। তাদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে এটি একটি 'গুরুত্বপূর্ণ পদক্ষেপ'।
মন্ত্রণালয় সব পক্ষকে যুদ্ধবিরতির শর্তগুলো সততার সাথে মেনে চলার অনুরোধ করেছে যাতে পুনরায় সংঘাত শুরু না হয়। একই সাথে উস্কানিমূলক বা একতরফা কোনো পদক্ষেপ না নেওয়ারও আহ্বান জানিয়েছে দেশটি, যা অঞ্চলের স্থিতিশীলতা কিংবা বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স জানিয়েছেন, তার সরকার এই যুদ্ধবিরতিকে স্বাগত জানাচ্ছে, যদিও অনেক বিষয়ে এখনও উদ্বেগ রয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, 'এটি একটি উৎসাহব্যঞ্জক খবর হলেও স্থায়ী শান্তি নিশ্চিত করতে আগামী দিনগুলোতে আরও অনেক কাজ করতে হবে।'
তিনি উল্লেখ করেন, এই যুদ্ধ মধ্যপ্রাচ্য ও এর বাইরেও ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। এ সময় পাকিস্তান, তুরস্ক এবং মিশরের মতো দেশগুলোর সফল মধ্যস্থতার প্রশংসা করেন পিটার্স।
সূত্র: আল জাজিরা, বিবিসি
যুদ্ধবিরতি ঘোষণার পর তেহরানের রাস্তায় মানুষের ঢল
ইরানের সাথে যুদ্ধবিরতি ঘোষণার পর দেশটির রাজধানী তেহরানে পতাকা এবং সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ছবি নিয়ে সাধারণ মানুষ সমবেত হয়েছেন। এসময় তাদেরকে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।
বিবিসির প্রতিনিধি খাশায়ার জুনেইদি জানিয়েছেন, এই যুদ্ধবিরতির বিষয়ে ইরানিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোতে আর হামলা হবে না—এমন খবরে অনেকের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে যারা বর্তমান সরকারের বিরোধী, তাদের জন্য পরিস্থিতি ভিন্ন। তাদের আবারও সেই শাসনের মুখোমুখি হতে হচ্ছে, যা এখন আগের চেয়ে আরও বেশি ক্ষুব্ধ।
এছাড়া, ইরাকের রাজধানী বাগদাদেও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উল্লাস ও উৎসবের আমেজ দেখা গেছে।
সূত্র: বিবিসি
শুক্রবার ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রকে আলোচনার জন্য ডাকলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ঘোষণা করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের সকল মিত্র পক্ষ অবিলম্বে সব জায়গায় (লেবাননসহ) যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই দুই যুধ্যমান পক্ষের মধ্যে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানোর জন্য পাকিস্তান অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে।
শান্তি চুক্তির এই ঘোষণা দেওয়ার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী তেহরান এবং ওয়াশিংটনের প্রতিনিধিদের আগামী ১০ এপ্রিল ২০২৬, শুক্রবার ইসলামবাদে আসার আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে সমস্ত বিবাদ মীমাংসার জন্য একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা হবে।
শেহবাজ শরিফ বলেন, 'অত্যন্ত বিনয়ের সঙ্গে আমি ঘোষণা করছি যে, ইরান এবং যুক্তরাষ্ট্র তাদের সকল মিত্রদের নিয়ে অবিলম্বে সব জায়গায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা এখনই কার্যকর হবে।' তিনি এই সময়োচিত পদক্ষেপকে স্বাগত জানান এবং উভয় দেশের নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, 'ইসলামাবাদ বৈঠক' স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সফল হবে।
সূত্র: এনডিটিভি
লেবাননে নিহতের সংখ্যা ১,৫০০ ছাড়াল
ইসরায়েল এবং ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে এক মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে লেবাননে নিহতের সংখ্যা ১,৫৩০ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১০২ জন নারী এবং ১৩০ জন শিশু রয়েছে। এছাড়া, এই সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৪,৮১২ জন আহত হয়েছেন।
সম্প্রতি ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল স্পষ্ট করে জানিয়েছে, 'এই যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয়।'
তবে পাকিস্তান এবং ইরান দাবি করেছে, যুদ্ধবিরতির শর্তানুযায়ী লেবাননও এর অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্র: বিবিসি
ইরানে 'সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ বিজয়' অর্জন হয়েছে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ''সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ বিজয়' অর্জন করেছে।
মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'এটি একটি সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ বিজয়। শতভাগ। এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।'
তেহরান যদি এই চুক্তি ভঙ্গ করে, তবে ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংস করার যে হুমকি তিনি আগে দিয়েছিলেন, তা শেষ পর্যন্ত কার্যকর করবেন কি না—এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি ট্রাম্প।
এ প্রসঙ্গে তিনি এএফপি-কে শুধু বলেন, 'সেটি আপনাদের দেখার জন্য অপেক্ষা করতে হবে।'
সূত্র: সিএনএন
হরমুজ দিয়ে জাহাজ চলাচলে টোল নিতে পারবে ইরান ও ওমান
দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও ওমানকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পারাপারের জন্য ফি নেওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এপি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন আঞ্চলিক কর্মকর্তার বরাতে এপি জানায়, ইরান এই অর্থ পুনর্গঠনের কাজে ব্যবহার করবে; ওমান এই অর্থ কী কাজে ব্যবহার করবে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
সরাসরি আলোচনায় অংশ নেওয়া ওই কর্মকর্তা নিজের নাম প্রকাশ করেননি, কারণ অভ্যন্তরীণ আলোচনা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার অনুমতি তার ছিল না।
উল্লেখ্য, ইরান ও ওমান উভয়ই হরমুজ প্রণালি নিয়ে আঞ্চলিক সার্বভৌমাধিকারের অধিকার রাখে।
সূত্র: আল জাজিরা
দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দুই সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন, জানিয়েছে তার মুখপাত্র স্টেফান ডুজারিক।
গুতেরেস সব পক্ষকে আহ্বান জানিয়ে বলেছেন, "আন্তর্জাতিক আইনের অধীনে তাদের দায়িত্ব পালন করতে এবং যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে, যাতে অঞ্চলে স্থায়ী ও সমগ্র শান্তির পথ সুগম হয়।"
তিনি আরও বলেন, "নাগরিকদের জীবন রক্ষা ও মানবিক কষ্ট কমাতে শত্রুতা অবসান জরুরি।"
ডুজারিক জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত দূত জাঁ আর্নল্ট "স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সমর্থন করার জন্য অঞ্চলে অবস্থান করছেন।"
সূত্র: আল জাজিরা
যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, 'বাস্তবায়নযোগ্য' বললেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে দীর্ঘ পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে একটি স্বস্তির খবর মিলেছে। তেহরানের দেওয়া ১০ দফা প্রস্তাবের ওপর ভিত্তি করে আলোচনায় বসতে ট্রাম্প প্রশাসন রাজি হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়েছে। এর ফলে আপাতত ওই অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ থাকবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যস্থতায় এই কূটনৈতিক সাফল্য অর্জিত হয়েছে। এই চুক্তি নিয়ে পরবর্তী আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র যে প্রস্তাবগুলোর ভিত্তিতে আলোচনা করতে রাজি হয়েছে, সেই ১০ দফা দাবিতে যা আছে:
- ভবিষ্যতে ইরানে আর কোনো আগ্রাসন চালানো হবে না যুক্তরাষ্ট্রের এমন নিশ্চয়তা।
- পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকা।
- ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণের অধিকারের স্বীকৃতি।
- ইরানের ওপর আরোপিত সকল প্রাথমিক মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার।
- তৃতীয় পক্ষের দেশগুলোকে প্রভাবিত করে এমন সকল সেকেন্ডারি বা গৌণ মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার।
- ইরানের বিরুদ্ধে নেওয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সকল প্রস্তাবের অবসান।
- আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বোর্ড কর্তৃক গৃহীত সকল প্রস্তাবের অবসান।
- যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির জন্য ইরানকে ক্ষতিপূরণ প্রদান।
- এই অঞ্চল থেকে সকল মার্কিন যুদ্ধসেনা প্রত্যাহার।
- লেবাননের হিজবুল্লাহসহ ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে জড়িত সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা।
সূত্র: হিন্দুস্তান টাইমস
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে 'লেবানন অন্তর্ভুক্ত নয়': নেতানিয়াহু
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত করার সিদ্ধান্তকে ইসরায়েল সমর্থন জানালেও এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে কার্যকর হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই প্রচেষ্টাকে সমর্থন করে, যার লক্ষ্য হলো 'ইরান যেন আর আমেরিকা, ইসরায়েল, ইরানের আরব প্রতিবেশী এবং বিশ্বের জন্য পারমাণবিক, ক্ষেপণাস্ত্র ও সন্ত্রাসী হুমকি হয়ে না থাকে'।
নেতানিয়াহু জানান, আগামী শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে শুরু হতে যাওয়া আলোচনায় এসব লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে ইসরায়েলকে আশ্বস্ত করা হয়েছে। তবে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, এই দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে 'লেবানন অন্তর্ভুক্ত নয়'।
সূত্র: আল জাজিরা
ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম কমলো, চাঙ্গা শেয়ারবাজার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। একই সাথে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে খুব শিগগিরই তেলবাহী ট্যাংকার চলাচল শুরু হতে পারে বলেও জানিয়েছে তেহরান।
যুদ্ধবিরতির খবর আসার পর যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম ১৫ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৯৫ ডলারের নিচে নেমে এসেছে। একইভাবে বিশ্ববাজারের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম ১২.৮৮ শতাংশ কমে ৯৫.১২ ডলারে দাঁড়িয়েছে। যদিও এই দাম যুদ্ধ শুরু হওয়ার আগের তুলনায় এখনও বেশি, তবে সাম্প্রতিক রেকর্ড মূল্যবৃদ্ধির তুলনায় এটি অনেকটা কম।
অন্যদিকে, তেলের দাম কমায় বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের ডাও ফিউচারস ২ শতাংশ বা প্রায় ৯০০ পয়েন্ট বেড়েছে। এশিয়াজুড়ে এর ইতিবাচক প্রভাব পড়েছে। বুধবার সকালে জাপানের নিক্কেই ২২৫ সূচক ৪.৯ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৫.৭ শতাংশ বেড়েছে। হংকংয়ের হ্যাং সেং সূচকও ২.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সূত্র: সিএনএন
শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার কিছু পরেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন। আরাগচি লিখেছেন, "যদি ইরানের ওপর হামলা বন্ধ করা হয়, তবে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীও তাদের প্রতিরক্ষা কার্যক্রম বন্ধ রাখবে।"
তিনি আরও জানান, "আগামী দুই সপ্তাহের জন্য ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে এবং কারিগরি সীমাবদ্ধতাগুলো বিবেচনায় নিয়ে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত সম্ভব হবে।"
বোমা হামলা স্থগিতের জন্য শেষ মুহূর্তে করা আবেদনের জন্য আরাগচিও পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল পৃথক এক বিবৃতিতে ইঙ্গিত দিয়েছে, আলোচনা সফলভাবে চললে যুদ্ধবিরতির মেয়াদ এই দুই সপ্তাহের চেয়ে আরও বাড়ানো হতে পারে।
সূত্র: আল জাজিরা
ইরানে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর তার প্রস্তাবিত বোমা হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হয়েছেন। এর আগে তিনি হুমকি দিয়েছিলেন, তেহরান তার দাবি না মানলে 'আজ রাতে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে'।
মঙ্গলবার সন্ধ্যায় ইরানে আক্রমণ চালানোর নির্ধারিত সময়ের মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ এই সিদ্ধান্তের কথা জানান। এই সমঝোতায় মধ্যস্থতা করার জন্য তিনি পাকিস্তানকে কৃতিত্ব দিয়েছেন। তবে তিনি শর্ত দিয়েছেন যে, ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে হবে।
ট্রাম্প লিখেছেন, "পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আলোচনার ভিত্তিতে, যেখানে তারা আমাকে আজ রাতে ইরানে ধ্বংসাত্মক শক্তি না পাঠানোর অনুরোধ জানিয়েছেন এবং ইসলামি প্রজাতন্ত্র ইরান হরমুজ প্রণালি পূর্ণাঙ্গ, তাৎক্ষণিক ও নিরাপদভাবে খুলে দিতে সম্মত হওয়ায়, আমি দুই সপ্তাহের জন্য ইরানে বোমা হামলা ও আক্রমণ স্থগিত করতে রাজি হয়েছি।"
এদিকে পাকিস্তান বুধবার ঘোষণা করেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এতে লেবাননও অন্তর্ভুক্ত থাকবে এবং সিদ্ধান্তটি সঙ্গে সঙ্গেই কার্যকর হবে। একই সঙ্গে বিরোধগুলোর স্থায়ী সমাধানের লক্ষ্যে ১০ এপ্রিল ইসলামাবাদে আলোচনার জন্য উভয় পক্ষের প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভোরে এক্সে দেওয়া পোস্টে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তিনি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দুই দেশের নেতৃত্বের প্রতি "গভীর কৃতজ্ঞতা" প্রকাশ করেন।
তিনি বলেন, উভয় পক্ষই "উল্লেখযোগ্য প্রজ্ঞা ও বোঝাপড়া" দেখিয়েছে এবং শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে গঠনমূলকভাবে সম্পৃক্ত থেকেছে। তিনি আশা প্রকাশ করেন, 'ইসলামাবাদের আলোচনা' দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় সফল হবে এবং আগামী দিনগুলোতে আরও ইতিবাচক অগ্রগতি দেখা যাবে।
সূত্র: আল জাজিরা
