হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
ইসরায়েল লেবাননে এ যাবতকালের সবচেয়ে বড় স্থল অভিযান চালানো এবং হামলা অব্যাহত রাখায় হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে ট্যাঙ্কার চলাচল অব্যাহত রাখা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির একটি গুরুত্বপূর্ণ শর্ত।
তবে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফারস জানিয়েছে, আজ সকালে ইরানের অনুমতি নিয়ে দুটি তেলবাহী ট্যাঙ্কার প্রণালি অতিক্রম করতে পারলেও, বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে ট্যাঙ্কারের চলাচল বন্ধ রয়েছে।
ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিও জানিয়েছে, জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। উভয় গণমাধ্যমই লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলাকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছিলেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত ছিল। তবে ইসরায়েলি সামরিক বাহিনী শাহবাজ শরিফের সেই দাবি নাকচ করে দিয়ে স্পষ্ট জানিয়েছে, লেবাননে হিজবুল্লাহর ওপর তাদের হামলা অব্যাহত থাকবে।
আজকের এই আক্রমণকে যুদ্ধ শুরুর পর থেকে দেশটির ওপর চালানো 'বৃহত্তম হামলা' বলে বর্ণনা করেছে খোদ ইসরায়েল।
