‘আমরা কী করি, তা দেখতে অপেক্ষা করুন’: ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান পার্টির প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিতে স্থানীয় সময় মঙ্গলবার ওয়াসিলা শহরে যান ট্রাম্প। সেখানে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, 'ইরানের বিরুদ্ধে আমরা কী করি, তা দেখতে অপেক্ষা করুন। আমরা বড় ধরনের পদক্ষেপ নিতে চলেছি। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আপনারা ভালো করেই জানেন যে আমরা আর সহ্য করছি না।'
তিনি আরও বলেন, 'তারা কেবল অপেক্ষাই করছে। তারা অপেক্ষা করছে। আমাদের সব সহ্য হয়ে গেছে, তবে তাতে কিছু যায়-আসে না। আসল কথা হলো, কোনোভাবেই তাদের পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না।'
ট্রাম্পের এই বক্তব্যের আগে মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—উভয় দেশের নির্বাচনের আগেই ইরানের বিরুদ্ধে নতুন করে বড় আকারের সামরিক অভিযান শুরুর বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প।
সংশ্লিষ্ট সূত্র এবং যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো সামরিক হামলা চালানো হবে না বলে ট্রাম্প প্রকাশ্যে বক্তব্য দেওয়ার আগেই নেতানিয়াহুর সঙ্গে তার এই গোপন আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।
