'আমাকে সবাই মনে রাখবেন, ভুলে যাবেন না’
তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে রওনাও দিয়েছে ১৫ সদস্যের দল। এর মধ্যে তামিমকে দলে না নেওয়া নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক।
আনুষ্ঠানিক কারণ হিসেবে তামিমের চোটের কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাচিক মিনহাজুল আবেদীন নান্নু। তামিমকে নিয়ে ঝুঁকি নিতে চাননি বলেই এমন সিদ্ধান্ত। সংবাদমাধ্যম তাদের খবরে এটাকেই তামিমের বাদ পড়ার কারণ হিসেবে উল্লেখ করে।
কিন্তু পরদিনই বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড থেকে তামিমকে বাদ দেওয়া হয়নি। তামিম নিজেই দলে থাকতে চাননি। কী কারণে দলে থাকতে চাননি অভিজ্ঞ এই ওপেনার, সে সম্পর্কে অবশ্য মাশরাফি কিছু জানাননি। পরে তামিমই কারণটা জানিয়েছেন। তামিমের ভাষায়, নোংরামির মধ্যে থাকতে চাননি তিনি।
নিজের ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানেই সব বিষয় পরিষ্কার করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
গত কয়েকদিনে বেশকিছু কারণে খবরের শিরোনাম হয়েছেন তামিম। নানা ঘটনা ঘটেছে তাকে ঘিরে। যেটিকে কাকতালীয় মনে হচ্ছে না তামিমের, 'অনেক কিছুই ঘটেছে এটা আপনারা দেখেছেন আমি নিশ্চিত। একটা কাহিনী বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, দুটো কাহিনী ভুল বোঝাবুঝি হতে পারে। কিন্তু একজনের সঙ্গে তিন-চার মাসে যদি সাত-আটটা কাহিনী হয় তাহলে সেটা ইচ্ছাকৃত হয়।'
তবে দলে না থাকলেও যারা বিশ্বকাপে গেছেন তাদেরকে শুভকামনা জানাতে ভুলেননি এই ওপেনার, 'আমি উইশ করব যে ১৫ জন বিশ্বকাপে গিয়েছে, তারা যতটুকু সম্ভব বাংলাদেশের জন্য সাকসেস নিয়ে আসবে।'
ভিডিওর শেষে এক আবেগঘন বার্তা দেন তামিম। ভক্তদের অনুরোধ করেন যেন তাকে সবাই মনে রাখেন, 'আর একটা কথা আমাকে সবাই মনে রাখিয়েন। ভুলে যাইয়েন না।'
