বিশ্বকাপ নয়, সাকিবের চোখ এশিয়া কাপে
অক্টোবরে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশ দারুণ কিছু করবে, এমনই আশা বাংলাদেশের সব ক্রিকেটভক্তের। বিশ্ব আসর নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে আরও আগে। যদিও নতুন করে ওয়ানডের অধিনায়কত্ব পাওয়া সাকিব আল হাসান বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছেন না, তার দৃষ্টি আপাতত এশিয়া কাপে।
আগামী ৩০ আগস্ট পাকিস্তান ও শ্রীলঙ্কায় শুরু হচ্ছে এশিয়া কাপ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের মিশন শুরু হবে ৩১ আগস্ট। এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরটির পরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাংলাদেশের, এরপর বিশ্বকাপ। একটু দূরের আসর বলে বিশ্বকাপ নিয়ে এখনই মাথা ঘামাতে চান না সাকিব।
লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলে দেশে ফেরা সাকিব শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন। বিশ্বকাপের প্রস্তুতি, পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশের তিন ফরম্যাটেরই অধিনায়ক বলেন, 'এখন আসলে পুরোটাই আমাদের এশিয়া কাপ কেন্দ্রিক পরিকল্পনা, প্রস্তুতি এবং দল। এশিয়া কাপ শেষে যখন বিশ্বকাপের সময় আসবে, তখন আমরা বিশ্বকাপ নিয়ে চিন্তা করব। এখন আমাদের ভাবনায় শুধু এশিয়া কাপ। যদি আরও সংক্ষিপ্ত করে বলতে চাই, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ম্যাচ নিয়েই ভাবছি।'
বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী দলের পাঁচজন ক্রিকেটার আছে এশিয়া কাপের স্কোয়াডে। আগেই ডাক পান তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী ও শরিফুল ইসলাম। দুদিন আগে চোটের কারণে এবাদত হোসেন ছিটকে যাওয়ায় ডাক পেয়েছেন তানজিম হাসান সাকিব।
বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা থাকায় এসব তরুণ ক্রিকেটারদের মাঝে একটা মানসিকতা গড়ে উঠেছে, যা বাংলাদেশ দলকে আরও ভালো করতে অনুপ্রাণিত করবে বলে মনে করেন সাকিব। তার ভাষায়, 'দেখুন ওরা যেহেতু একটা বিশ্বকাপ জিতেছে, ওদের মধ্যে জয়ের একটা মানসিকতা আছে। যেটা আমার কাছে মনে হয়, দলকে আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করবে।'
'ওদের ভেতরে ওরকম একটা মানসিকতা আছে যে, ওরা জিততে চায়। এটা একটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ওই মানসিকতা নিয়েই তারা ড্রেসিংরুমে আসবে এবং ড্রেসিংরুমের মানসিকতাও ওভাবে গড়ে তুলবে।' যোগ করেন বাংলাদেশ অলরাউন্ডার।
