এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
শুক্রবার বিকেলে ইরান হরমুজ প্রণালি সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত ঘোষণার পর রাতে নোঙর তুলেছিল শারজাহ বন্দরের কাছে থাকা বাংলাদেশি পতাকাবাহী বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার জয়যাত্রা। রাত ৯টার দিকে নোঙর তুলে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে জাহাজটি। তবে যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের বাহিনী জাহাজটি থামিয়ে দেয়। ফলে হরমুজ পার হতে পারনি বাংলার জয়যাত্রা।
নোঙর তোলার পর হরমুজ পেরোতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অনুমতি ছাড়াই অন্যান্য বাণিজ্যিক জাহাজের মতো এগিয়ে যেতে থাকে জয়যাত্রা।
এরপর রাত ১১টা ৫০ মিনিটের দিকে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে। তবে রাত সাড়ে ১২ টার দিকে ইরানি নৌবাহিনী সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করার আদেশ দিয়ে রেডিও বার্তা পাঠিয়ে যাত্রা থামিয়ে দেয়। সাথে এ-ও বার্তা দেয় যে, আইআরজিসি'র অনুমতি ছাড়া কেউ হরমুজ প্রণালি পার হতে পারবে না।
বিষয়টি নিশ্চিত করে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক টিবিএসকে বলেন, 'এটা খুবই দুঃখজনক। অনুমতি চাওয়ার পর তা প্রত্যাখ্যান করে কোনো বার্তা না দেওয়ায় আমরা মনে করেছিলাম প্রণালিটি উন্মুক্ত করা হয়েছে। এ সময় প্রায় ৪০টার মত বাণিজ্যিক জাহাজ হরমুজের উদ্দেশে যাত্রা শুরু করে। জয়যাত্রাও তাদের পথ অনুসরণ করে এগোতে থাকে।'
তিনি বলেন, 'রাত ১১:৫০ টার দিকে হরমুজ প্রণালিতে প্রবেশ করে জয়যাত্রা। যে গতিতে চলছিল, ভোর ৩টার দিকে হরমুজ অতিক্রম করে ওমান সাগরে প্রবেশ করা যেত। তবে হঠাৎ সাড়ে ১২টার দিকে রেডিও বার্তা পাঠিয়ে সব জহাজের গতিরোধ করার আদেশ দেয় ইরানিয়ান নেভি এবং আইআরজিসির অনুমতি ছাড়া হরমুজ পার হওয়া যাবে না বলে হুঁশিয়ার করে।'
এর ইরান যুদ্ধের কারণে আগে ৩১ জন নাবিক নিয়ে ৪০ দিন আটকে থাকা বাংলার জয়যাত্রা গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দেয়। ১০ এপ্রিল হরমুজের কাছাকাছি পৌঁছালেও ইরান সরকার জাহাজটিকে হরমুজ পার হওয়ার অনুমতি দেয়নি। পরে বাধ্য হয়ে আরব আমিরাতের শারজাহ বন্দরে ফিরে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করতে থাকে জয়যাত্রা।
