প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে তামিম
তামিম ইকবালকে গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মাধ্যমে তামিমকে ডেকেছেন প্রধানমন্ত্রী। তামিমের সঙ্গে মাশরাফি নিজেও গেছেন প্রধানমন্ত্রীর বাসভবনে।
আজ সকালে নিজের চট্টগ্রামের বাসা থেকে ঢাকায় গেছেন তামিম ইকবাল। ১৮ জুলাই পারিবারিক সফরে তিনি দুবাই যাবেন। তার আগে আজ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে গেছেন।
মাশরাফি বিন মুর্তজা নিশ্চিত করেছেন, অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে তাকে ডেকেছেন প্রধানমন্ত্রী। তামিমের আকস্মিকভাবে অবসরের ঘোষণায় অবাক হয়েছেন সাবেক-বর্তমান ক্রিকেটাররা। বিশেষ করে সামনেই যখন এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসর রয়েছে।
বিসিবি তামিমকে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তামিমের অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
এখন দেখার বিষয়, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তামিমের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসে কিনা।
