ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে মাশরাফির দল সিলেট স্ট্রাইকার্সকে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অনিয়ম, অসংলগ্নতার শেষ নেই। এর আগে ফিক্সিংয়ের কালো ধাবায় কলঙ্কিত হয়েছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসরটি। যে কারণ একটি মৌসুমে বিপিএলই আয়োজিত হয়নি। আরও একবার বিপিএলের সঙ্গে জড়ালো ফিক্সিং শব্দটি।
যদিও এবার ফিক্সিং হওয়ার মতো ঘটনা ঘটেনি, ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে একটি দলকে। মাশরাফি বিন মুর্তজার দল সিলেট স্ট্রাইকার্সের এক পরিচালককে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি দ্রুততার সঙ্গে বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে (আকসু) জানিয়েছে সিলেট কর্তৃপক্ষ। বিষয়টি মৌখিকভাবে জানিয়ে রেখেছে তারা।
সিলেট স্ট্রাইকার্সের পক্ষ থেকে এমন অভিযোগ পাওয়ার বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
তিনি বলেন, 'আসলে এটা আনুষ্ঠানিকভাবে কিছু হয়নি। মৌখিকভাবে আমাদের দুর্নীতি দমন ইউনিটকে সিলেট স্ট্রাইকার্স জানিয়েছে ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি। এটা রিপোর্টেড কিছু নয়। একটা কথা বলি, প্রতি দুই-তিন খেলা পরপর দুই-একটা করে রিপোর্ট পাই আমরা। ওগুলো সিরিয়াস কিছু নয়।'
ইসমাইল হায়দার আরও বলেন, 'এমন রিপোর্ট পেলে আকসু তখন নজরদারি বাড়ায়। সত্যিকার অর্থেই প্রস্তাব পেলে তখন আকসু নজরদারি বাড়ানোর পাশাপাশি এটা নিয়ে তদন্ত করে। তো এখানে এমন কিছু হয়নি। আর এটা যদি ক্লাসিফাইড ইনফরমেশন হয়, পুরো তদন্ত শেষ না করে আকসু আমাদের কিছু বলবে না।'
