বার্সায় ফিরতে চান মেসি
বার্সেলোনা তার শৈশবের ক্লাব। সেই ১৩ বছর বয়স থেকেই ন্যু ক্যাম্পকে দেখে এসেছেন নিজের বাড়ি হিসেবে। বার্সার মায়া কী আর এতো সহজে ছাড়তে পারেন!
পিএসজি তারকা লিওনেল মেসি জানিয়েছেন, ভবিষ্যতে আবারও বার্সায় ফিরতে চান তিনি।
তবে খেলোয়াড় মেসিকে হয়তো আর লাল-নীল জার্সিতে দেখা যাবে না। আর্জেন্টাইন মহাতারকা জানিয়েছেন, বুটজোড়া তুলে রাখার পরই আবার কাতালুনিয়ায় ফেরার ইচ্ছা তার। এবং ফিরে টেকনিক্যাল সেক্রেটারি বা এরকম কোনো কার্যনির্বাহী পদে কাজ করতে চান তিনি।
স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, "হ্যাঁ, আমি সবসময়ই বলেছি আমি আবার ক্লাবে (বার্সায়) ফিরে আসতে চাই, এবং যেভাবে সম্ভব ক্লাবকে সাহায্য করতে চাই।
"আমি ক্লাবের প্রয়োজনে আসতে চাই, আমি চাই ক্লাব যেন ভালো করে। আমি টেকনিক্যাল সেক্রেটারি হতে চাই। তবে সেটা বার্সায় কি না জানি না।
"আমি ক্লাবে ফিরে কিছু না কিছু করতে চাই। কেননা আমি বার্সাকে ভালোবাসি, এবং তারা ভালো করুক এটাই আমার সবসময়ের চাওয়া।"
সূত্র: মার্কা।
