বঙ্গবন্ধুর স্বপ্নের কথা মনে করালেন তামিম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হচ্ছে ১৭ই মার্চ। ১৯২০ সালের আজকের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন বাঙালির জাতির এই মহানায়ক। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী জাকজমকভাবেই পালিত হচ্ছে। জাতির বিশেষ আয়োজনের দিনে বাংলাদেশ ক্রিকেট দল আছে ভিন দেশ নিউজিল্যান্ডে।
দূরে থাকলেও বঙ্গবন্ধুর জন্মদিনকে অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। জাতির জনকের জন্মদিনে শুভেচ্ছো জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বিশেষ এই দিনটাতে বঙ্গবন্ধুর স্বপ্নের কথা মনে করিয়ে দিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
বিশেষ এই দিনে এক ভিডিও বার্তায় দেশের সব ক্রীড়াবিদকেও শুভেচ্ছা জানিয়েছেন তামিম। বাংলাদেশ ওপেনার বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি স্বপ্ন দেখতেন, বাংলাদেশ একদিন খেলাধুলার মাধ্যমে সারা বিশ্বে পরিচিত হবে। বিশেষ এই দিনে বাংলাদেশের ক্রীড়া ব্যক্তিত্বদের জন্য আমাদের তরফ থেকে রইল শুভেচ্ছা আর শুভ কামনা।'
খেলাপ্রেমী মানুষ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু নিজেও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, ঢাকা ওয়ান্ডারার্সের হয়ে খেলেছেন ফুটবল। স্বাধীনতার পরবর্তী সময়ে অনেক বাধা ও অর্থ সঙ্কটের মাঝেও বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে দৃষ্টি ছিল বঙ্গবন্ধুর।
কঠিন সময়ের মধ্যে থাকলেও ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা গঠন করেন তিনি। এই সংস্থা গঠনের মধ্য দিয়েই ঘরোয়া খেলা শুরুর একটা পথ তৈরি হয়। গুটি গুটি পায়ে এগোতে শুরু করে দেশের বিভিন্ন খেলাধুলা। দেশের শীর্ষ ক্রীড়া ফেডারেশনগুলোর বেশিরভাগ বঙ্গবন্ধুর হাতেই গড়া।
