স্কুল থেকে ঝরে পড়া ছেলেটিই ৮৪ হাজার কোটি টাকার মালিক
কৈশোরে স্কুল থেকে ঝরে পড়েছিলেন গ্রায়েম হার্ট। বিভিন্ন সময়ে কাজ করেছেন গাড়ির বডি মেরামতকারী ও ট্রাকচালক হিসেবে। অথচ সেই ছেলেটিই এখন নিউজিল্যান্ডের সবচেয়ে ধনী, যার সম্পত্তির নিট মূল্য ৯৮৬ কোটি মার্কিন ডলার (৮৩ হাজার ৮৫৬ কোটি ৩০ লাখ ২৫ হাজার ৬০০ টাকা)।
ব্লুমবার্গ ডটকমের প্রতিবেদনে জানানো হয়, প্রাইভেট ইক্যুইটি, সুপার-ইয়ট (প্রমোদতরী), সাবমেরিন ও পিনবল মেশিনের ব্যবসায় ভর করে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন হার্ট।
আবর্জনা রাখার ব্যাগ ও অ্যালুমিনিয়াম ফয়েল প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনল্ডস কনজ্যুমার প্রোডাক্টস ইনকরপোরেটেড গত সপ্তাহে শেয়ারবাজারে প্রবেশের পর হার্টের সম্পত্তি আরও বেড়েছে।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, গত শুক্রবার রেনল্ডসের শেয়ার ৯.৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ২৮.৫৫ ডলারে। এতে করে কোম্পানিতে হার্টের শেয়ারের মূল্য ৪৪০ কোটি ডলারে দাঁড়ায়।
রেনল্ডসের শেয়ারের দর বৃদ্ধি সোমবারও অব্যাহত থাকে। এদিন দর বাড়ে আরও ৩.৭ শতাংশ।
নিউজিল্যান্ডের অকল্যান্ডভিত্তিক প্রাইভেট ইক্যুইটি প্রতিষ্ঠান র্যাংক গ্রুপের মাধ্যমে রেনল্ডসের শেয়ারের বড় অংশের নিয়ন্ত্রণ করেন ৬৪ বছর বয়সী হার্ট।
বুধবার ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্সে তার অবস্থান ছিল ১৬৫তম। শত শত কোটি ডলারের এই মালিক সুপার-ইয়টে বিপুল অর্থ বিনিয়োগ করেন।
তিনি ২০ কোটি ডলারে ৩৮১ ফুট দীর্ঘ একটি উলিসেস সুপার ইয়ট কিনেন। এই নৌযানে একটি হ্যালিপ্যাড আছে।
