হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাপানের সংবাদমাধ্যম কিয়োদো নিউজ-কে জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাপানের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলো চলাচলের অনুমতি দিতে তার দেশ প্রস্তুত।
আরাগচি বলেন, এই নৌ-অবরোধ সাময়িকভাবে তুলে নেওয়ার লক্ষ্যে জাপানি পক্ষের সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। কিয়োদো নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আরাগচির এই মন্তব্যের প্রতিক্রিয়ায় জাপানের একজন সরকারি কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেন, 'অবরোধ তুলে নেওয়ার ক্ষেত্রে ইরানি পক্ষের সঙ্গে সরাসরি আলোচনাই সবচেয়ে কার্যকর উপায়।'
তবে জাপানি কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে, এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো উত্তেজনার সৃষ্টি না হয়। তাঁরা আরও উল্লেখ করেন, জাপানি জাহাজগুলোকে চলাচলের অনুমতি দেওয়া হলেও তা বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের পুরোপুরি সমাধান করবে না।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্য একজন কর্মকর্তা কিয়োদো নিউজকে জানিয়েছেন, আরাগচির এই প্রস্তাবের পেছনে ইরানের 'প্রকৃত উদ্দেশ্য' আসলে কী, তা অত্যন্ত সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা প্রয়োজন।
