যুক্তরাষ্ট্র নিজেদের সঙ্গেই আলোচনা করছে, 'আমাদের কখনো বনিবনা হবে না': ইরানের সামরিক মুখপাত্র
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ইরান একটি চুক্তিতে পৌঁছাতে চায়—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের একদিন পর পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। ইরানের এক সামরিক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র আসলে 'নিজেদের সঙ্গেই আলোচনা' করছে। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় মার্কিন নেতৃত্বকে উপহাস করে ইরানি সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেন, 'আপনাদের প্রতিশ্রুতির যুগ শেষ হয়ে গেছে'।
ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বিত কমান্ড 'খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর'-এর মুখপাত্র জোলফাকারি প্রশ্ন তোলেন, 'আপনাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনারা নিজেদের সঙ্গেই আলোচনা করছেন?'
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন এবং জানিয়েছেন যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বর্তমানে 'আলোচনা চালিয়ে যাচ্ছেন'। তবে তেহরান এখনও কোনো আলোচনার কথা নিশ্চিত করেনি; তারা কেবল জানিয়েছে যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান হয়েছে।
জোলফাকারি বলেন, 'একসময় আপনারা যে কৌশলগত শক্তির বড়াই করতেন, তা এখন কৌশলগত পরাজয়ে পরিণত হয়েছে'। তিনি আরও যোগ করেন, মার্কিন নেতারা যতক্ষণ না তাদের মন থেকে ইরানে হামলার চিন্তা 'মুছে ফেলছেন', ততক্ষণ জ্বালানি ও তেলের দাম আগের অবস্থায় ফিরবে না। ট্রাম্প আলোচনার সম্ভাবনার কথা বলার পর এই সপ্তাহে তেলের দাম কিছুটা কমলেও যুদ্ধ শুরুর আগের তুলনায় তা এখনও অনেক বেশি।
গত সোমবার ট্রাম্প জানিয়েছিলেন, শান্তির জন্য তেহরানকে ১৫টি শর্তের একটি তালিকা দেওয়া হয়েছে, যার মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির সব পরিকল্পনা ত্যাগ করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
