কর্মীদের সম্মুখসারির যোদ্ধা হিসেবে বোনাস দিচ্ছে অ্যামাজন
পৃথিবীর বর্তমান গভীর অনিশ্চয়তার বেড়াজালে বন্দি। অধিকাংশ ব্যবসা-বাণিজ্যের চিরায়ত লেনদেন বন্ধ রাখতে হচ্ছে ভাইরাসের বিস্তার রোধের চেষ্টায়।
ঘরবন্দি মানুষের দ্বারে এই বিপদের দিনে নিত্য-প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন অনলাইনে পণ্য বিপণনকারী বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মীরা। পণ্য সরবরাহের সঙ্গে জড়িত এই কর্মীরাও সম্মুখভাগের যোদ্ধা।
পুরো জুন মাস ধরে অ্যামাজনের হয়ে কাজ করা কর্মীদের তাই ৫০ কোটি ডলার 'থ্যাংক ইউ বোনাস' দিতে চলেছে বিশ্বের শীর্ষতম ই-কমার্স কোম্পানিটি । অবশ্য এর আগে গত মে'তে ঘণ্টাপ্রতি মজুরি ২ ডলার বৃদ্ধি বাতিল করাসহ ওভারটাইমের জন্য দ্বিগুণ অর্থ দেওয়ার নিয়ম বাতিল করে অ্যামাজন।
ওই পদক্ষেপে তীব্র সমালোচনার শিকার হয় অ্যামাজন। এর অন্যতম প্রধান কারণ বিপুল সংখ্যক কৃষ্ণাঙ্গ কর্মী অ্যামাজনের হয়ে সম্মুখসারির পণ্য সরবরাহের কাজ করেন। গুদামঘরসহ সরবরাহ ব্যবস্থার অন্যান্য অংশেও তাদের উপস্থিতি চোখে পড়ার মতো। সামাজিক নানা সুবিধা বঞ্চিত এসব কর্মী জীবনের ঝুঁকি নিয়ে মহামারির মাঝে কাজ করছেন, তাই তাদের বাড়তি পাওনা না দেওয়াকে বঞ্চনা বলে সমালোচনা করে মার্কিন গণমাধ্যম। বিষয়টি আমলে নিয়েই তাই এবার আলোচিত বোনাসের ঘোষণাটি দেওয়া হলো।
এই ব্যাপারে অ্যামাজনের বৈশ্বিক কার্যক্রম পরিচালনা শাখার ভাইস প্রেসিডেন্ট ডেভ ক্লার্ক এক লিখিত বিবৃতিতে জানান, আমাদের সম্মুখভাগের পরিচালনা কর্মীরা বিগত কয়েক মাস ধরে অসাধারণ সব কাজ করেছে। তাই আমরা তাদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছি এককালীন এই 'থ্যাংক ইউ বোনাসে'র মাধ্যমে।
অবশ্য বোনাসটি পাওয়ার ক্ষেত্রে কিছুটা কমবেশি হবে কর্মীদের চাকরির অবস্থাভেদে। অ্যামাজনের ফুল-টাইম কর্মী, কোম্পানিটি পরিচালিত খাদ্য পণ্য বিপণন কেন্দ্রের কর্মী এবং সহযোগী পরিষেবা কোম্পানির পণ্যবাহী গাড়িচালকেরা মাথাপিছু পাঁচশ মার্কিন ডলার বোনাস পাবেন।
পার্টটাইম কর্মী এবং চালকেরা পাবেন আড়াইশ ডলার। অ্যামাজন হোল ফুডসের নেতৃস্থানীয় সম্মুখভাগের কর্মীরা পাবেন এক হাজার ডলার করে। একই পরিমাণের অর্থ ব্যবসা সহযোগী অংশীদারদের কর্মীদেরও দেবে অ্যামাজন। তবে ভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে পণ্যের প্যাকেজ পৌঁছে দেওয়া স্থায়ী কর্মীরা পাচ্ছেন সবথেকে বেশি তিন হাজার ডলার।
শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই অ্যামাজনের চার লাখ কর্মী আছে। আছে ১১০টি ফুলফিলমেন্ট সেন্টার। মহামারির মাঝে বাণিজ্যিক পরিধি বেড়েছে এমন মুষ্টিমেয় কিছু কোম্পানির মধ্যে শীর্ষে আছে অ্যামাজন। তবে কর্মীদের স্বাস্থ্যের সুরক্ষা নিয়ে কোম্পানিটির উদাসীনতা নিয়ে সাম্প্রতিক সময়ে সমালোচনাও বেড়েছে।
