বিশ্বকাপের ফাইনালে থাকছেন ট্রাম্প, বিজয়ীদের হাতে তুলে দেবেন ট্রফি
আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প। জয়ী দলের হাতে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে শিরোপা তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলিয়ে এ পর্যন্ত বিশ্বকাপের ১০২টি ম্যাচ অনুষ্ঠিত হলেও ট্রাম্প কোনোটিতেই উপস্থিত হননি। তবে হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে আগামী রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে যাওয়া সমাপনী ম্যাচে তিনি উপস্থিত থাকবেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, 'আমরা রোববারের ফাইনাল ম্যাচের অপেক্ষায় আছি এবং আমি জানি প্রেসিডেন্টও সেখানে উপস্থিত হতে মুখিয়ে আছেন।'
এবারের বিশ্বকাপে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে আলোচিত ভূমিকা ছিল শেষ ষোলোর লড়াইয়ের আগে। বেলজিয়ামের বিপক্ষে ওই গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগে তিনি মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা 'পুনর্বিবেচনা' করার জন্য ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফাকে অনুরোধ করেছিলেন।
পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা স্থগিত করা হলে ট্রাম্প ফিফাকে সাধুবাদ জানিয়ে বলেন, সংস্থাটি একটি 'বড় অবিচার সংশোধন' করেছে।
প্রেসিডেন্টের এই হস্তক্ষেপ ওই ম্যাচের আগে বড় ধরনের রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছিল। ওই ম্যাচে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে আসর থেকে বিদায় নেয় আয়োজক যুক্তরাষ্ট্র। বালোগান পরবর্তীতে স্বীকার করেন যে তার শাস্তির বিষয়ে প্রেসিডেন্টের এই তৎপরতা অনেক 'বিতর্ক' এবং 'অস্বস্তিকর পরিস্থিতির' সৃষ্টি করেছিল।
গত গ্রীষ্মে নিউ জার্সিতে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি যখন পিএসজিকে হারিয়েছিল, তখনও ট্রাম্প বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন। ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো নিশ্চিত করেছেন যে আগামী রোববারেও একই দৃশ্য দেখা যাবে।
ইনফান্তিনো সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম 'ব্লু স্পোর্ট'-কে বলেন, 'হ্যাঁ, আশা করছি ফাইনালে আমরা একসাথে জয়ীদের হাতে ট্রফি তুলে দেব। শুরু থেকেই এমন পরিকল্পনা ছিল এবং অতীতেও সব সময় এমনই হয়ে এসেছে—যে দেশে ফাইনাল অনুষ্ঠিত হয়, সেই দেশের প্রেসিডেন্ট ফিফা প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে জয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।'
